আসিয়ানের সভাপতি হচ্ছে মিয়ানমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন আসিয়ানের সভাপতি হতে যাচ্ছে মিয়ানমার। চলতি সপ্তাহে এ ব্যাপারে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হবে। ইন্দোনেশিয়ার পর্যটনকেন্দ্র বালিতে অনুষ্ঠিত আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠক শেষে গতকাল মঙ্গলবার এ কথা জানানো হয়।বালিতে বৈঠক শেষে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আনিফাহ আমান সাংবাদিকদের জানান, ২০১৪ সালে আসিয়ানের সভাপতির পদ মিয়ানমারকে দিতে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, ‘মিয়ানমার গণতন্ত্রায়ণের পথে ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। এ কারণেই ২০১৪ সালে এই বৈঠকের আয়োজক দেশ হিসেবে মিয়ানমারকে দায়িত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে সভাপতির পদও দেওয়া হচ্ছে।’ আনিফাহ আমান জানান, এই বৈঠকে মন্ত্রীদের সুপারিশের ভিত্তিতে আসিয়ানভুক্ত দেশগুলোর নেতারা চলতি সপ্তাহে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। ১০ সদস্যের জোট আসিয়ানের সভাপতির পদ এর সদস্য রাষ্ট্রগুলো পালা করে পেয়ে থাকে। সে হিসেবে ২০০৬ সালে মিয়ানমারের সভাপতি হওয়ার কথা ছিল। কিন্তু গণতন্ত্রায়ণে ব্যর্থ হওয়া ও মানবাধিকার পরিস্থিতির কারণে ওই সময় সভাপতির পদ ছেড়ে দিতে বাধ্য করা হয় মিয়ানমারকে।সম্প্রতি দেশটির নামমাত্র বেসামরিক সরকার বেশ কিছু রাজবন্দীকে মুক্তি দেওয়াসহ কিছু ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। এএফপি।