আসুন আমরা সংলাপে বসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো যুক্তরাষ্ট্রের প্রতি সরাসরি আলোচনার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। গত শুক্রবার তিনি আকস্মিক এই প্রস্তাব দেন।
তবে প্রেসিডেন্ট মাদুরোর এই প্রস্তাবের পরও বসে নেই বিরোধীরা। গতকাল শনিবারও তাঁরা রাজধানী কারাকাসে গণবিক্ষোভ করে।
মাদুরো শুক্রবার বিদেশি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ‘প্রেসিডেন্ট ওবামা, আমি আপনাকে একটি সংলাপের জন্য আহ্বান জানাচ্ছি...দেশপ্রেমিক ও বিপ্লবী ভেনেজুয়েলা এবং যুক্তরাষ্ট্র ও তার সরকারের সঙ্গে হবে এই সংলাপ। এই চ্যালেঞ্জ গ্রহণ করুন। আমরা উচ্চপর্যায়ের একটি সংলাপ শুরু করব এবং সত্যকে টেবিলে উপস্থাপন করব।’
ভেনেজুয়েলার মিরিন্ডা প্রদেশের গভর্নর ও প্রধান বিরোধী নেতা হেনরিক ক্যাপ্রিলেস তাঁর সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, বিক্ষোভের সময় তারা যেন সরকারপন্থী বেসমারিক পক্ষগুলোকে নিরস্ত্র করার দাবি তোলে। এসব পক্ষ সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর হামলা করছে বলে অভিযোগ রয়েছে।
দুই সপ্তাহ ধরে ভেনেজুয়েলায় মাদুরো সরকারের বিরুদ্ধে ছোট পরিসরে বিক্ষোভ চলছে। সহিংসতায় এ পর্যন্ত অন্তত নয়জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৩৭ জন। ১০৪ জনকে আটক করা হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
ওয়াশিংটন ও কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট আলভারো ইউরিবের ইন্ধনে দেশে বিক্ষোভ চলছে বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। বর্তমানে কারাকাসসহ দেশটির বিভিন্ন এলাকায় প্রায় প্রতিদিনই বিক্ষোভ হচ্ছে। এএফপি।