আসুন নতুন করে শুরু করি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ভারতের সঙ্গে সম্পর্কে এক ‘নতুন সূচনার’ আহ্বান জানিয়েছেন। বিরোধপূর্ণ কাশ্মীরে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে গত সোমবার তিনি এই আহ্বান জানান। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এপিপি গতকাল মঙ্গলবার এই খবর প্রকাশ করেছে। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় কিছুদিন ধরে ভারত ও পাকিস্তানি বাহিনীর মধ্যে উত্তেজনা চলছে। এ সময়ের মধ্যে দুই পক্ষে একাধিক গুলিবিনিময়ের ঘটনা ঘটে। নওয়াজ শরিফ বলেন, ভারত ও পাকিস্তানের ‘ভালো বন্ধু’ হওয়াটা খুব জরুরি। তিনি বলেন, ‘চলুন, আমরা নতুন করে শুরু করি। সব অমীমাংসিত সমস্যা সমাধানের উদ্দেশ্যে বন্ধুত্ব ও শান্তিপূর্ণ পরিবেশে একসঙ্গে বসি।’ভারতের মানুষের জন্য পাকিস্তানের ‘অনেক ভালোবাসা ও মমতা আছে’ মন্তব্য করে নওয়াজ বলেন, ‘আমাদের অবশ্যই ভালো বন্ধু হতে হবে। একে অন্যের হাত ধরতে হবে। অবশ্যই খোলা ও পরিচ্ছন্ন মন নিয়ে আলোচনায় বসতে হবে।’ মে মাসে নির্বাচনে জেতার পর থেকেই ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারের বিষয়ে গুরুত্ব দিয়ে আসছেন নওয়াজ শরিফ। কিন্তু গত সপ্তাহে কাশ্মীরে পাঁচ ভারতীয় সেনা নিহত হওয়ার পর থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনার জন্য ভারত পাকিস্তানের সেনাবাহিনীকে দায়ী করেছে। গতকালও ভারত অভিযোগ করেছে, পাকিস্তানি সেনারা গত সোমবার কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা অঞ্চলে আবার গুলিবর্ষণ করেছে। অন্যদিকে ভারতের সেনাদের বিরুদ্ধে সোমবার গুলিবিনিময়ের সময় এক বেসামরিক নাগরিককে হত্যার পাল্টা অভিযোগ করেছে পাকিস্তান। ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে এ নিয়ে প্রতিবাদ জানিয়েছে দেশটি।পাকিস্তান সফরে বান কি মুন: কাশ্মীর সীমান্তে বৈরী দুই প্রতিবেশীর চলমান উত্তেজনার প্রেক্ষাপটে গতকাল পাকিস্তান সফর শুরু করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। তিনি বিভিন্ন বিষয় নিয়ে পাকিস্তানি প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে আলোচনা করেন। এ ছাড়া বন্যা পরিস্থিতি মোকাবিলা নিয়ে তরুণদের উদ্দেশে তাঁর একটি ভাষণ দেওয়ার কথা রয়েছে। এ ছাড়া বান শিক্ষাবিষয়ক বিভিন্ন অনুষ্ঠান এবং আজ বুধবার পাকিস্তানের স্বাধীনতা দিবস উদ্যাপন অনুষ্ঠানে যোগ দেবেন। এএফপি, বিবিসি ও পিটিআই।