আস্থা তৈরিতে গঠনমূলক নীতি গ্রহণ করব: রুহানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের পরাশক্তিদের সঙ্গে ইরানের আস্থা তৈরি ও উত্তেজনা হ্রাসের জন্য ‘গঠনমূলক মিথস্ক্রিয়ার’ নীতি গ্রহণ করা হবে। গতকাল শনিবার টেলিভিশন ভাষণে ইরানের নবনির্বাচিত মধ্যপন্থী প্রেসিডেন্ট হাসান রুহানি এই অঙ্গীকার করেছেন। ১৪ জুনের নির্বাচনে বিজয়ের পর টিভিতে প্রচারিত প্রথম সরাসরি বক্তব্যে প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, ‘পররাষ্ট্রনীতিতে পরিমিতি মানে আত্মসমর্পণ বা সংঘাত কোনোটাই নয়। বরং তার অর্থ হচ্ছে বিশ্বের অন্য দেশগুলোর সঙ্গে গঠনমূলক ও ফলপ্রসূ মিথস্ক্রিয়া।’বিতর্কিত পরমাণু কর্মসূচি ও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থন দেওয়া নিয়ে ইরানের সঙ্গে বিশ্বের পরাশক্তিদের সম্পর্কে টানাপোড়েন চলছে। হাসান রুহানি তাঁর ভাষণে এই বিষয়গুলো সম্পর্কে সরাসরি কোনো মন্তব্য করেননি। তিনি বলেন, পারস্পরিক সম্মান ও আগ্রহের ভিত্তিতে আলোচনা ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।রুহানি, পাশ্চাত্যের সঙ্গে সম্পর্ক উন্নয়নে পদক্ষেপের বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। ইরান সব সময়ই দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি বোমা তৈরির উদ্দেশে নয় বরং এটি শান্তিপূর্ণ। জ্বালানি উৎপাদন ও চিকিৎসা ক্ষেত্র এর অন্যতম উদ্দেশ্য। তবে পশ্চিমা বিশ্ব ও ইসরাইল দাবি করছে, শান্তিপূর্ণ কর্মসূচির আড়ালে ইরানের সামরিক উদ্দেশ্য আছে। জাতিসংঘের পর্যবেক্ষকেরাও বিভিন্ন সময়ে ইরানের কর্মসূচি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। এএফপি।