আস্থা ভোটে উতরে গেল লেত্তার সরকার
সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি শেষ মুহূর্তে মত বদল করে সমর্থন দেওয়ায় টিকে গেল ইতালির প্রধানমন্ত্রী এনরিকো লেত্তার সরকার। বেরলুসকোনি তাঁর দলের সমর্থন প্রত্যাহার করে সরকার ফেলে দেওয়ার হুমকি দিয়েছিলেন। শেষ পর্যন্ত গতকাল বুধবারের সিনেটে ২৩৫-৭০ ভোটে সহজেই টিকে যায় লেত্তা সরকার।
নিজ মধ্যডানপন্থী দল পিপল অব ফ্রিডম পার্টির বেশ কয়েকজন সিনেটর সরকারকে সমর্থন করবেন—এটা বুঝতে পারার পর পিছিয়ে যান বেরলুসকোনি। তাঁর খুবই ঘনিষ্ঠ সমর্থকদের মধ্যে জনা বারো ভোটের সময় অধিবেশন ছেড়েই চলে যান।
এনরিকো লেত্তা সতর্ক করে দিয়ে বলেছিলেন, তাঁর সরকার গতকালের ভোটে হারলে ইতালির জন্য তা মারাত্মক ঝুঁকির সৃষ্টি করবে। সরকার থেকে পাঁচজন মন্ত্রীকে প্রত্যাহার করে সরকার ফেলে দিতে চেয়েছিলেন বেরলুসকোনি। কিন্তু শেষ পর্যন্ত দলের সিনেটরদের বিদ্রোহের কারণে সরকারকে সমর্থনের ঘোষণা দিতে হয় তাঁকে। বিষয়টি সাবেক প্রধানমন্ত্রীর জন্য অবমাননাকর বলেই মনে করছেন পর্যবেক্ষকেরা। বিবিসি।