আস্থা ভোটে জিতল আম আদমি পার্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আস্থা ভোটে জিতেছে দিল্লির আম আদমি পার্টির (এএপি) সরকার। গতকাল বৃহস্পতিবার দিল্লি বিধানসভায় চার ঘণ্টা বিতর্কের পর কংগ্রেস, জনতা দল (সংযুক্ত) ও স্বতন্ত্র সদস্যদের সমর্থন নিয়ে এএপি সরকার ৩৭-৩২ ভোটে আস্থা ভোটে জয়ী হয়। কংগ্রেস সদস্য মাতিম মুহাম্মদ প্রোটেম স্পিকার হওয়ায় ভোট দেননি। ভোটাভুটির আগে জনতা দল সদস্য শোয়েব ইকবালের সঙ্গে বিজেপি সদস্যদের প্রায় হাতাহাতির উপক্রম হয়।
আস্থা ভোটে জয় নিয়ে এমনিতে কোনো সংশয় ছিল না। কারণ, কংগ্রেস তাদের আগেই নিঃশর্ত সমর্থন জানিয়ে দিয়েছিল। তারপর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মন্তব্যে জয় নিয়ে কিছুটা সংশয় জাগে। পানি ও বিদ্যুতের ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণের দিনই তিনি বলেছিলেন, তাঁর হাতে মাত্র ৪৮ ঘণ্টা সময় আছে। তাই যা কিছু করার, আস্থা ভোটের আগেই করতে হবে।
আস্থা ভোট নিয়ে বিতর্কের আগে মুখ্যমন্ত্রী বলেন, দিল্লি থেকে তিনি ভিআইপি সংস্কৃতির বিলোপ ঘটাবেন। দ্বিতীয় প্রতিশ্রুতি দিল্লির জন্য জন লোকপাল বিল আনা। সে জন্য লোকপাল বিলে সিটিজেন্স চার্টার ও হুইসিল ব্লোয়ারদের রক্ষাকবচ দুটোই রাখা হবে।
সিটিজেন্স চার্টারের অর্থ হলো, প্রতিটি কাজের জন্য নির্দিষ্ট সময় ধার্য করা। ওই সময়ের মধ্যে কাজ শেষ না হলে দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মচারীকে জবাবদিহি করতে হবে। এ ছাড়া নিজেদের নির্বাচনী ইশতেহারে যে ১৮টি প্রতিশ্রুতি এএপি দিয়েছে, সেগুলো পালনের অঙ্গীকার করেন কেজরিওয়াল।
বিরোধীরা অভিযোগ করেন, সরকারের মন্ত্রীরা নিরাপত্তা না নেওয়ার বিষয়ে জেদাজেদি করছেন। তাতে সাধারণ মানুষ ও নিরাপত্তারক্ষীদের সমস্যা হচ্ছে।
সংবিধান অনুযায়ী আস্থা ভোটে জেতার পর ছয় মাসের মধ্যে এই সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা যাবে না। তবে কংগ্রেস যেকোনো সময় সমর্থন তুলে নিলে উপরাজ্যপাল মুখ্যমন্ত্রীকে বিধানসভা ডেকে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ নিতে বলতে পারেন।
এএপিকে সমর্থন দেওয়া নিয়ে কংগ্রেসে দুই ধরনের মত ছিল। শেষ পর্যন্ত ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) রুখতে তারা এএপিকে সমর্থন জানায়।
দুর্নীতিবিরোধী আন্দোলনের নেতা আন্না হাজারের সঙ্গে ছিলেন কেজরিওয়াল।