আস্থা ভোটে জিতলেন কেজরিওয়াল
তুলনামূলক কম আসন পেয়েও দিল্লি বিধানসভায় প্রথম বাধাটি ভালোভাবে সামাল দিল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (এএপি)। ভোটে এএপি ৩৭ বিধায়কের সমর্থন পেয়েছে। তাদের সমর্থন দিয়েছে কংগ্রেস, সংযুক্ত জনতা দল—জেডি (ইউ) এবং স্বতন্ত্র একজন বিধায়ক।
‘দ্য হিন্দু’র খবরে বলা হয়, আজ বৃহস্পতিবার আস্থা ভোট নিয়ে বিধানসভায় আলোচনা শুরু করেন এএপির বিদ্যুত্ ও পানি উন্নয়নমন্ত্রী মনীষ সিসোদিয়া। প্রায় সাড়ে চার ঘণ্টা বিতর্কের শেষ দিকে বক্তব্য দেন অরবিন্দ কেজরিওয়াল। ২৫ মিনিটের বক্তব্যে কেজরিওয়াল দিল্লিতে সাবেক কংগ্রেস সরকারের কেউ দুর্নীতিগ্রস্ত থাকলে, তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন। এমনকি দিল্লির বিজেপি নিয়ন্ত্রিত নগর করপোরেশনগুলোতে দুর্নীতিগ্রস্ত কেউ থাকলে তাঁরও বিচার হবে বলে আশ্বাস দেন।
দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, তিনি নিজ দল বা সরকারের পক্ষে সমর্থন চাচ্ছেন না। বরং দিল্লিবাসী যে বিষয়গুলো মোকাবিলা করছে, সেগুলোর পক্ষে সমর্থন চাচ্ছেন তিনি।
বিতর্ক শেষে ওই সময়ের জন্য স্পিকারের দায়িত্বে থাকা মতিন আহমেদ আম আদমির পক্ষে-বিপক্ষে ভোট দিতে আহ্বান জানান। পরে তিনি আস্থা ভোটে এএপিকে বিজয়ী ঘোষণা করেন।
বিধানসভায় এএপির পক্ষে ভোট দেন দলটির ২৮, কংগ্রেসের ৭, সংযুক্ত জনতা দলের ১ এবং স্বতন্ত্র ১ জন বিধায়ক। বিজেপির ৩১ এবং মিত্র আকালি দলের একজন বিধায়ক বিধানসভায় আনা প্রস্তাবের বিপক্ষে ভোট দেন।