আস্থার সম্পর্ক নিয়ে যাত্রা শুরুর প্রত্যয় প্রথম লাতিন পোপের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাতিন আমেরিকার ইতিহাসে এই প্রথম রোমান ক্যাথলিকদের প্রধান ধর্মগুরু নির্বাচিত হয়েছেন আর্জেন্টাইন ধর্মযাজক হোর্হে মারিও বেরগোগলিও। তিনি পোপ ফ্রান্সিস নামে পরিচিত হবেন।পোপ নির্বাচনের সংকেত হিসেবে ভ্যাটিকানের চিমনি দিয়ে সাদা ধোঁয়া বের হওয়ার প্রায় এক ঘণ্টা পর বারান্দায় এসে দাঁড়ান পোপ ফ্রান্সিস। সেন্ট পিটার্স স্কয়ারে সমবেত ব্যক্তিদের উদ্দেশে তিনি বলেন, ‘অবশেষে আমার কার্ডিনাল ভাইয়েরা একটি সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছেন। এ জন্য তাঁদের ধন্যবাদ জানাচ্ছি। এখন আমাদের যাত্রা শুরু করতে হবে...এ যাত্রা হবে ভ্রাতৃত্ববোধের, ভালোবাসার ও পরস্পরের প্রতি আস্থার।’পোপ নির্বাচিত হওয়ার পর ৭৬ বছর বয়সী ফ্রান্সিস বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অভিনন্দনবার্তা পাচ্ছেন। লাতিন আমেরিকার প্রথম যাজক হিসেবে এই পদে অধিষ্ঠিত হলেন তিনি। সোসাইটি অব জেসুইটেরও প্রথম সদস্য হিসেবে পোপ নির্বাচিত হলেন ফ্রান্সিস।পোপ হিসেবে প্রথম দিনের ব্যস্ত সময় শুরু করেন ফ্রান্সিস। তিনি পোপ নির্বাচনে আসা কার্ডিনালদের নিয়ে নৈশভোজে অংশ নেন। এরপর ভ্যাটিকানের জ্যেষ্ঠ কর্মীদের নিয়োগ দেওয়া শুরু করেন। এই নিয়োগ শেষে ফ্রান্সিস তাঁর পূর্বসূরি পোপ ষোড়শ বেনেডিক্টের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা।দায়িত্ব নেওয়ার পর পোপ ফ্রান্সিসকে শিশুদের যৌন হয়রানি ও দুর্নীতির মতো নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।পোপ নির্বাচিত হওয়ায় ফ্রান্সিসের দেশ আর্জেন্টিনার জনগণ খুশি। আর্জেন্টিনার সাল্টা এলাকার বাসিন্দা গুইলের্মো লোপেজ মিরায়ু বলেন, ‘এখানকার জনগণ অত্যন্ত উৎফুল্ল।’ আর্জেন্টাইনদের উৎফুল্লতার বহিঃপ্রকাশ হিসেবে সাইরেনের শব্দ ও বিভিন্ন গির্জার ঘণ্টা বাজার শব্দ শোনা যায়। আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা কির্চনার নতুন পোপের প্রতি শুভকামনা জানান। এর আগে সমকামী বিয়েসহ নানা বিষয়ে ফ্রান্সিসের সঙ্গে মতবিরোধে জড়িয়ে পড়েছিলেন কির্চনার।পোপকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি মার্কিন জনগণের পক্ষ থেকে পোপকে অভিনন্দন জানান। ‘আমেরিকা থেকে প্রথম যাজক হিসেবে পোপ নির্বাচিত হওয়ায়’ ফ্রান্সিসের প্রশংসা করেন ওবামা।পোপ ফ্রান্সিসকে স্বাগত জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে প্রচলিত মতে বিশ্বাসী ও ক্যাথলিকদের মধ্যে সম্পর্ক আরও গাঢ় হবে।চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বলেন, ‘আশা করি, নতুন পোপের নেতৃত্বে ভ্যাটিকান কর্তৃপক্ষ চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আরও বাস্তববাদী ও নমনীয় হবে।’যুক্তরাজ্যের সংবাদমাধ্যমগুলো ফকল্যান্ড দ্বীপপুঞ্জ প্রশ্নে আর্জেন্টিনার সমালোচনা করলেও নতুন পোপ ফ্রান্সিসকে স্বাগত জানিয়েছে। তবে দ্য টাইমস ও সান ২০১১ সালে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে তাঁর মন্তব্য প্রকাশ করেছে। তিনি ফকল্যান্ড দ্বীপপুঞ্জকে আর্জেন্টিনার বলে দাবি করেছিলেন।মিসরের আল-আজহার পোপ ফ্রান্সিসকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছে, ভবিষ্যতে মুসলিম-ভ্যাটিকান সম্পর্ক আরও জোরদার হবে।এ ছাড়া অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা পোপ ফ্রান্সিসকে স্বাগত জানান। এএফপি ও বিবিসি।