আহমাদিনেজাদকে তলব করল ইরানের পার্লামেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের পার্লামেন্ট সে দেশের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে তলব করেছে। জাতীয় অর্থনীতির অব্যবস্থাপনা ও গুরুত্বপূর্ণ মন্ত্রীদের বরখাস্ত করা এবং বরখাস্তের চেষ্টা, পররাষ্ট্রনীতিসহ সাংসদদের বিভিন্ন অভিযোগের জবাব দিতে আহমাদিনেজাদকে পার্লামেন্টে হাজির হতে হবে। গত মঙ্গলবার দেশটির পার্লামেন্ট আহমাদিনেজাদকে তলব করার এই সিদ্ধান্ত নেয়। ১৯৭৯ সালের পর থেকে এখন পর্যন্ত দেশটিতে এই প্রথম কোনো প্রেসিডেন্টকে তলব করল পার্লামেন্ট। সংবিধানের নিয়ম অনুযায়ী প্রেসিডেন্ট আহমাদিনেজাদকে আগামী এক মাসের মধ্যে পার্লামেন্টে হাজির হতে হবে। তবে তিনি এ সময়ের মধ্যে পার্লামেন্টে হাজির হতে ব্যর্থ হলে কী হবে, তা স্পষ্ট নয়। বিতর্কিত পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের হামলার হুমকির মুখে রয়েছে তেহরান। এবার নিজ দেশের পার্লামেন্ট থেকেও চাপ এল আহমাদিনেজাদের ওপর। সে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতার সঙ্গেও আহমাদিনেজাদের সম্পর্ক ভালো যাচ্ছে না।সিএনএনের এক খবরে বলা হয়েছে, আহমাদিনেজাদকে সাংসদদের নানা প্রশ্নের জবাব দিতে হবে পার্লামেন্টের উন্মুক্ত অধিবেশনে। গত এপ্রিলে গোয়েন্দামন্ত্রী হায়দার মোসলেহিকে বরখাস্তের চেষ্টা করেন আহমাদিনেজাদ। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ডিক্রির মুখে এই চেষ্টা ব্যর্থ হয়। অভিযোগ রয়েছে, গোয়েন্দামন্ত্রীকে নিজ পদে বহাল রাখার ব্যাপারে খামেনির ওই ডিক্রি প্রতিহতেরও চেষ্টা করেন আহমাদিনেজাদ। কেন আহমাদিনেজাদ এই ধরনের চেষ্টা চালিয়েছিলেন, এ বিষয়ে জানতে চাইবেন সাংসদেরা। সাবেক পররাষ্ট্রমন্ত্রী মানোচেহের মোত্তাকিকে বরখাস্ত করার বিষয়েও প্রেসিডেন্টকে জবাব দিতে হবে।পার্লামেন্টের ডেপুটি স্পিকার মোহাম্মদ রেজা বাহনোয়ার বলেন, তেহরানে পাতালপথ নির্মাণ ও গণপরিবহনবিষয়ক একটি বিশেষ বাজেট পাসে এড়িয়ে যান আহমাদিনেজাদ। এই বিষয়েও তাঁকে প্রশ্ন করা হবে। পররাষ্ট্র ও দেশের অভ্যন্তরীণ নীতির বিষয়ে আহমাদিনেজাদকে তাঁর অবস্থান ও সিদ্ধান্ত গ্রহণের বিষয় তুলে ধরতে হবে পার্লামেন্টের উন্মুক্ত অধিবেশনে। সাংসদেরা জানিয়েছেন, আহমাদিনেজাদের প্রশাসন ইতিমধ্যে এসব প্রশ্নের যে জবাব দিয়েছে, তা সন্তোষজনক নয়। তাই তাঁরা আশা করেন, আগামী মার্চের মাঝামাঝি সময়ে আহমাদিনেজাদ পার্লামেন্টে হাজির হবেন। সিএনএন ও এপি।