আহমাদিনেজাদের উত্তরসূরি ঠিক করতে ভোট দিলেন ইরানিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের উত্তরসূরি নির্বাচন করতে গতকাল শুক্রবার ভোট দিয়েছে দেশটির মানুষ। গণমাধ্যমের খবর অনুযায়ী, মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।নির্বাচনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও অনানুষ্ঠানিক কয়েকটি জরিপে দেখা গেছে, কট্টরপন্থী প্রার্থী সাবেক পররাষ্ট্র আলী আকবর বেলায়েতি, তেহরানের মেয়র বাঘের ঘালিবাফ ও পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের প্রধান আলোচক সাইদ জলিলির মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে।অন্য তিন প্রতিদ্বন্দ্বী হলেন কট্টরপন্থী মোহসিন রেজাই এবং উদারপন্থী হাসান রুহানি ও মোহাম্মদ ঘারাজি।ইরানের স্থানীয় সময় সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়। সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ ভোট গ্রহণ চলার কথা। দেশটিতে মোট ভোটার সংখ্যা পাঁচ কোটি পাঁচ লাখ।ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রথম প্রহরেই নিজের ভোট দেন। দেশের সব ভোটারকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আশা করছি, ইরানের জনগণ নতুন রাজনৈতিক মহাকাব্য সৃষ্টি করবে।’ এ সময় খামেনি যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, ‘মার্কিন নেতাদের কেউ কেউ এই নির্বাচনকে স্বীকৃতি দিচ্ছেন না। যাঁরা এই নির্বাচনকে স্বীকৃতি দিচ্ছেন না, নরক তাঁদের সঙ্গী। ইরানের জনগণ নিজেদের স্বার্থেই নির্বাচনে অংশ নেবে, ভোট দেবে।’মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জেন পিসাকি গত বৃহস্পতিবার ওয়াশিংটনে সাংবাদিকদের বলেন, ইরানে যে নির্বাচন হচ্ছে, আন্তর্জাতিক মান অনুযায়ী তা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নয়। তিনি বলেন, প্রেসিডেন্ট প্রার্থীদের অনুমোদন দেয় অভিভাবক পরিষদ নামের যে কমিটি, তা অনির্বাচিত। এতে ইরানের জনগণকে খুব সীমিত বিকল্প থেকে পছন্দের প্রার্থী বেছে নিতে হয়। মূলত ওই মার্কিন কর্মকর্তার বক্তব্যের জবাবেই খামেনি গতকাল যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন।নির্বাচনের ছয় প্রার্থীর মধ্যে কেউই অন্তত ৫০ শতাংশ ভোট না পেলে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ২১ জুন এই ভোট গ্রহণ হওয়ার কথা। এএফপি।