আহমাদিনেজাদের দিকে জুতা নিক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে লক্ষ্য করে মিসরের এক ব্যক্তি জুতা ছুড়েছেন। আহমাদিনেজাদ তিন দিনের সফরে গত মঙ্গলবার মিসরের রাজধানী কায়রোতে পৌঁছার পর এ ঘটনা ঘটে।মঙ্গলবার কায়রোর প্রাচীন আল-হুসেইন মসজিদ পরিদর্শনে যান আহমাদিনেজাদ। এ সময় এক ব্যক্তি জুতা ছোড়েন। ঘটনার পর আহমাদিনেজাদ সেখান থেকে দ্রুত চলে যান। নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই ব্যক্তিকে আটক করেছেন। আহমাদিনেজাদকে লক্ষ্য করে জুতা ছোড়ার কারণ এখনো পরিষ্কার নয়। তবে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রতি আহমাদিনেজাদের সমর্থনের প্রতিবাদে এমন ঘটনা ঘটতে পারে।১৯৭৯ সালের ইরান বিপ্লবের পর এই প্রথম ইরানের কোনো প্রেসিডেন্ট মিসর সফর করছেন।এদিকে অর্থসংকটে থাকা মিসরকে ঋণ দেওয়ার প্রস্তাব দিয়েছে ইরান। পারমাণবিক কর্মসূচির প্রশ্নে তেহরানের ওপর আন্তর্জাতিক সম্প্রদায় অর্থনৈতিক অবরোধ আরোপ করায় চাপ সত্ত্বেও কায়রোকে এই প্রস্তাব দিল ইরান। মিসরের আল-আহরাম পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ এ কথা বলেন। গত মঙ্গলবার মিসর বলেছে, কাতারের সহায়তা সত্ত্বেও কায়রোর বৈদেশিক মুদ্রার রিজার্ভ দেড় হাজার কোটি ডলারের নিচে নেমে গেছে। বিবিসি ও রয়টার্স।