ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের ওপর চটেছেন সে দেশের এমপিরা। তাঁরা বলেছেন, আহমাদিনেজাদ নিজেকে তত্ত্বাবধায়ক তেলমন্ত্রী ঘোষণা করে সংবিধান লঙ্ঘন করেছেন। এটা অবৈধ। অবশ্যই বিষয়টির আইনি সুরাহা হওয়া উচিত। আহমাদিনেজাদ গত ১৫ মে ঘোষণা করেন, এখন থেকে তিনিই তেল মন্ত্রণালয়ের দেখাশুনা করবেন। কৌশলগত দিক থেকে ইরানে এই মন্ত্রণালয় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাবেক তেলমন্ত্রী মাসুদ মীরকাজেমিকে বরখাস্ত করার এক দিন পরই আহমাদিনেজাদ এই মন্ত্রণালয়ের অন্তর্বর্তীকালীন দায়িত্ব নেন। পাশাপাশি মন্ত্রিপরিষদের আকার ছোট করার পদক্ষেপ হিসেবে তেল মন্ত্রণালয়কে জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে অঙ্গীভূত করারও সিদ্ধান্ত নিয়েছেন।এরপর ইরানের ক্ষমতাশালী সাংবিধানিক সংস্থা ‘গার্ডিয়ান কাউন্সিল’ গত ২৩ মে ঘোষণা করে, আহমাদিনেজাদ সংবিধান লঙ্ঘন করেছেন। তবে আহমাদিনেজাদের আইনি পরামর্শক ফাতেমেহ বোদগাহি বলেন, সিদ্ধান্ত পরিবর্তনের কোনো ইচ্ছা নেই প্রেসিডেন্টের।গতকাল বুধবার পার্লামেন্টে আহমাদিনেজাদের তেল মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার সিদ্ধান্তের নিন্দা জানান এমপিরা। তাঁরা বলেন, তেল মন্ত্রণালয়ের দায়িত্ব অন্য কাউকে না দিয়ে এবং নিজেই এই দায়িত্ব নিয়ে প্রেসিডেন্ট আহমাদিনেজাদ আইন লঙ্ঘন করেছেন। তাঁরা বিষয়টি নিয়ে আদালত পর্যন্ত যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এতে এই পদ থেকে সরে দাঁড়াতে আহমাদিনেজাদের ওপর তীব্র চাপের সৃষ্টি হলো।আহমাদিনেজাদ তেল মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর পার্লামেন্টের জ্বালানি কমিটি একটি প্রতিবেদন তৈরি করে। গতকাল পার্লামেন্টে উপস্থাপিত সেই প্রতিবেদনে বলা হয়েছে, আহমাদিনেজাদের এই পদক্ষেপ ‘নিঃসন্দেহে আইনের লঙ্ঘন’। ইরানের গণমাধ্যমে বলা হয়েছে, জ্বালানি কমিটির তৈরি করা প্রতিবেদন পার্লামেন্টে পড়ে শোনানো হয়। পরে রক্ষণশীল অধ্যুষিত ২৯০ আসনের পার্লামেন্টের ১৬৫ জন সদস্যই প্রতিবেদনটি আদালতের কাছে পাঠানোর সুপারিশ করেন।জ্বালানি কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, ‘(আহমাদিনেজাদের) এই অবৈধ তাৎক্ষণিক পদক্ষেপ ইরানের স্বার্থকে আন্তর্জাতিক অঙ্গনে ভূলুণ্ঠিত করবে।’ এতে আরও বলা হয়, ‘তেলমন্ত্রী হিসেবে আহমাদিনেজাদ যেসব নির্দেশ দিয়েছেন, তা সরকারের আর্থিক সম্পদের ওপর তাঁর অবৈধ হস্তক্ষেপের শামিল।’ ইরানের সংবিধান অনুযায়ী, যেকোনো মন্ত্রীকে বরখাস্ত এবং নতুন কাউকে তত্ত্বাবধায়ক হিসেবে নিয়োগ দেওয়ার ক্ষমতা রাখেন প্রেসিডেন্ট। কিন্তু আহমাদিনেজাদের এই একপক্ষীয় সিদ্ধান্তকে কেউ কেউ ইরানের অর্থনীতির ওপর তাঁর প্রভাব বিস্তারের চেষ্টা হিসেবে দেখছেন। তা ছাড়া এর মধ্য দিয়ে তিনি সরকারের অন্যান্য ক্ষেত্রেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বলে মনে করা হচ্ছে। তেল মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেও আগামী বুধবার ভিয়েনায় অনুষ্ঠেয় ওপেক সম্মেলনে যোগ দিচ্ছেন না আহমাদিনেজাদ। তাঁর পরিবর্তে এই বৈঠকে অর্থমন্ত্রী শামসুদ্দিন হোসেইনির যোগ দেওয়ার কথা রয়েছে। ওপেকভুক্ত দেশগুলোর মধ্যে ইরান হচ্ছে দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। এএফপি ও রয়টার্স।