ইরানের নতুন পার্লামেন্ট নির্বাচনে গতকাল শুক্রবার ভোট নেওয়া হয়েছে। দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের জন্য এই নির্বাচন একটি বড় ধরনের রাজনৈতিক পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। এই নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হবে, আহমাদিনেজাদের ওপর রক্ষণশীলদের সমর্থন এখন কোন পর্যায়ে রয়েছে। তবে নির্বাচনের ফলাফল দেশটির পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন আনবে না বলে ধারণা করা হচ্ছে। ইরানের পররাষ্ট্রনীতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পার্লামেন্ট নির্বাচনের মাধ্যমে ২৯০টি আসনে সদস্য নির্বাচন করা হবে। এই নির্বাচন ২০১৩ সালে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। এই নির্বাচনে মূল লড়াই হবে প্রেসিডেন্ট আহমেদিনেজাদের সমর্থক রক্ষণশীল ও তাঁর বিরোধী কট্টরপন্থীদের মধ্যে। উভয় পক্ষেরই দাবি, খামেনির প্রতি তারা একে অপরের চেয়ে বেশি অনুগত। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, নির্বাচন শুরুর পরপরই ভোট দেন খামেনি। তিনি আশা প্রকাশ করেন, দেশের ভবিষ্যৎ মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে এই নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ বেশি হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, এবারের নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল ৫৫ শতাংশ। নির্বাচনের চূড়ান্ত ফলাফল আগামী রোববার বা সোমবার সরকারিভাবে ঘোষণা করা হবে। ইরানে ২০০৯ সালে প্রেসিডেন্ট নির্বাচনের পর এই প্রথম দেশজুড়ে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হলো। তবে বিরোধী ও সংস্কারপন্থী প্রধান দলগুলো এ নির্বাচন বর্জন করেছে বলে পশ্চিমা দেশগুলোর দাবি। বিরোধী বিভিন্ন দলের নেতাদের এক বছর ধরে কারাবন্দী রাখা হয়েছে। তবে ২০০৯ সালের মতো এবারের নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিক্ষোভ দেখা যায়নি। ইরানের পুলিশ-প্রধান ইসমাইল আহমাদি মোগাদ্দাম বলেন, যেকোনো সমস্যা মোকাবিলার জন্য নিরাপত্তা বাহিনী প্রস্তুত রয়েছে।এই নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি। বিরোধী দলের বর্জন ও সীমিতসংখ্যক প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতার ফলে নির্বাচনে বড় ধরনের অনিয়ম হয়েছে বলে অভিযোগ তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। সংগঠনটির মধ্যপ্রাচ্যবিষয়ক পরিচালক জো স্টক বলেন, ইরানের পার্লামেন্ট নির্বাচনে সুযোগ দেওয়া হয়েছে অযোগ্য প্রার্থীদের এবং সংস্কারপন্থীদের অন্যায়ভাবে বন্দী রাখা হয়েছে।নির্বাচনে প্রার্থী হিসেবে তিন হাজার ৪০০ জনকে অনুমতি দেয় ইরানের গার্ডিয়ান কাউন্সিল। নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আহ্বান করাকে ‘জনগণের প্রতি অবমাননা’ বলে মন্তব্য করে শক্তিশালী এই গার্ডিয়ান কাউন্সিল। প্রতিষ্ঠানটির মুখপাত্র আব্বাস আলী কাদখোদাই গত বৃহস্পতিবার বলেন, ২০০৮ সালের পার্লামেন্ট নির্বাচনের চেয়ে এবার ভোটারদের উপস্থিতি বেশি হবে।একটি ভোটকেন্দ্রের কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, তাঁর কেন্দ্রে ব্যবহূত ব্যালটের সংখ্যা জানানোর অনুমতি নেই। এ ব্যাপারে সরকারি সংবাদমাধ্যমে পরে ঘোষণা দেওয়া হবে।ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগের মুখে এই নির্বাচন অনুষ্ঠিত হলো। ওই কর্মসূচির আড়ালে ইরান নিজেদের পারমাণবিক অস্ত্রের ভান্ডার সমৃদ্ধ করছে বলে মনে করছেন অনেকে। এএফপি ও রয়টার্স।