আড়ম্বর ছাড়াই নয়াদিল্লির শতবর্ষ উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাজধানী হিসেবে শতবর্ষ পূর্ণ করেছে নয়াদিল্লি। তবে সরকারি কোনো অনুষ্ঠান ছাড়াই গতকাল সোমবার বিশেষ এই দিনটি উদ্যাপিত হয়। ভারতবর্ষে ব্রিটিশ শাসনের স্মৃতিজাগানিয়া একটি দিন ১২ ডিসেম্বর। ১৯১১ সালের এই দিনে ব্রিটিশরাজ পঞ্চম জর্জ দিল্লিতে আয়োজিত রাজকীয় এক অনুষ্ঠানে ঘোষণা দেন, পূর্বাঞ্চলীয় বন্দরনগর কলকাতা থেকে ভারতের রাজধানী প্রাচীন নগর দিল্লিতে স্থানান্তর করা হবে। এ জন্য দিল্লির কাছেই গড়ে তোলা হবে নতুন একটি শহর।এর পর ‘নয়াদিল্লিতে’ নির্মাণ করা হয় দুই পাশে গাছপালাশোভিত প্রশস্ত রাস্তা, ব্রিটিশরাজের প্রতিনিধির (ভাইসরয়) জন্য ৩৪০ কক্ষবিশিষ্ট প্রাসাদসহ সুদৃশ্য অনেক ভবন। নয়াদিল্লির শতবর্ষপূর্তির এই বিশেষ দিনটিতে বিভিন্ন অনুষ্ঠান, আলোচনা সভা ইত্যাদি অনুষ্ঠিত হলেও সরকারি কোনো আয়োজন ছিল না। পূর্বনির্ধারিত একমাত্র অনুষ্ঠান ছিল বিভিন্ন শহর নির্মাণবিষয়ক একটি বইয়ের প্রকাশনা উৎসব। দিল্লির মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিত এতে উপস্থিত ছিলেন।শিলা দীক্ষিত গত মাসে স্বীকার করেন, কী উদ্যাপন করা হবে এবং কীভাবে উদ্যাপন করা হবে তা পরস্পরবিরোধী। দিনটিকে ঘিরে সরকারি কোনো আয়োজন না থাকলেও দেশের সংবাদপত্রগুলো এ উপলক্ষে বিশেষ প্রতিবেদন ও পুরোনো বিভিন্ন ছবি প্রকাশ করে। টাইমস অব ইন্ডিয়াতে প্রকাশিত গতকালের সম্পাদকীয় নিবন্ধে বলা হয়, সেরা সময়টা সম্ভবত এখনো আসেনি। নগরের বর্তমান অধিবাসী সংখ্যা ১৯১১ সালের তুলনায় ১৬০ গুণ বেশি। এএফপি।