আড়াল থেকে সামনে আসছেন সোনিয়া
দল ক্ষমতায় থাকা সত্ত্বেও ভারতীয় কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী এত দিন আড়ালে থেকেই কাজ করেছেন। কিন্তু ভারতীয় জনগণ এবার তাঁকে প্রথমবারের মতো সরকারের সামনের সারিতেই দেখতে পাবে। তিনি সরকারের নীতিনির্ধারণী পরিষদ জাতীয় উপদেষ্টা কাউন্সিলের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন।এর ফলে সোনিয়া গান্ধীকে এখন সরকারি কাজে সরাসরি অংশ নিতে দেখা যাবে। আর মন্ত্রী পদমর্যাদার এ পদে সোনিয়ার থাকার অর্থই হলো ভারতের সামাজিক উন্নয়ন খাতে সরকারি ব্যয় বৃদ্ধি এবং সংস্কারবাদীদের কাঙ্ক্ষিত ‘অর্থনৈতিক অলৌকিক সাফল্য’ অর্জনের স্বপ্ন চাপা পড়া।আগে দলের ভেতরে থেকেই কাজ করছিলেন সোনিয়া। সরকারের নীতিনির্ধারণে তাঁর প্রকাশ্য উপস্থিতি লক্ষ করা যায়নি। তবে জাতীয় উপদেষ্টা পরিষদের প্রধানের এ পদ তাঁকে আনুষ্ঠানিকভাবে ক্ষমতার সঙ্গে যুক্ত করেছে। এখন থেকে তিনি সরকারের নীতিনির্ধারণে মুখ্য ভূমিকা পালন করতে সক্ষম হবেন। ইতিমধ্যে এর লক্ষণও দেখা গেছে। সোনিয়া গান্ধীর একক প্রচেষ্টাতেই এক দশক ধরে ঝুলে থাকা নারী সংরক্ষণ বিল ভারতের উচ্চকক্ষে উত্থাপিত ও পাস হয়েছে। অন্যদিকে তিনি সংস্কারপন্থী অর্থনীতিবিদ প্রধানমন্ত্রী মনমোহন সিংকে সামাজিক উন্নয়ন কার্যক্রম গ্রহণের ব্যাপারেও প্রভাবিত করার কাজটি শুরু করে দিয়েছেন।শুধু তা-ই নয়, সোনিয়ার এ পদে আসীন হওয়ার আরও কিছু সুফল আছে। ইদানীং বয়সের ভারে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নেতৃত্ব কিছুটা দুর্বল হয়ে পড়েছে। জাতীয় উপদেষ্টা পরিষদের প্রধান হওয়ার সুবাদে সোনিয়া গান্ধী এখন বেশ ভালোভাবেই মনমোহন সিংকে তাঁর সরকারের পরিকল্পনা এগিয়ে নিতে সহায়তা করতে পারবেন। এদিকে মনমোহন সিংও আর বেশি দিন ক্ষমতায় থাকছেন না। সম্ভবত ২০১৪ সালের নির্বাচনের আগেই তিনি অবসরে যাচ্ছেন। তাঁর এ অবসরে যাওয়ার সঙ্গে সঙ্গে সোনিয়াপুত্র রাহুল গান্ধীর আগমনের পথ সুগম হবে।তবে তারচেয়েও বড় কথা হলো, মনমোহন সিংয়ের সরকার উচ্চপ্রবৃদ্ধি অর্জন নিয়েই বেশি ব্যস্ত। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীও তেমনটাই মনে করছেন বলে কংগ্রেসের প্রবীণ নেতা মনি শংকর আইয়ারও উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘জাতীয় উপদেষ্টা পরিষদ সরকারের নীতিনির্ধারণ এবং সরকারের ওপর দলের প্রভাব প্রতিষ্ঠা করবে।’ প্রবৃদ্ধির পেছনে না ছুটে ক্ষমতাসীন কংগ্রেস তাদের ক্ষমতার দ্বিতীয় মেয়াদে লাখ লাখ দরিদ্র ভোটারকে অধিক হারে সাহায্য নিশ্চিত করেতে চায়। কেননা, ভারতের মধ্যবিত্ত শ্রেণীই এ উচ্চপ্রবৃদ্ধির সুবিধা ভোগ করছে। তারা ভোগ-বিলাসিতায় গা ভাসিয়ে দিচ্ছে।গত ফেব্রুয়ারির ঘোষিত বাজেটে আর্থিক ঘাটতি কমানোর যে পদক্ষেপ নেওয়া হয়েছে, তা অনেকের কাছেই প্রশংসিত হয়েছে। মন্ত্রীরা ইতিমধ্যে বেশ কিছু উচ্চাভিলাষী কর্মসূচিও চিহ্নিত করেছেন। এর মধ্যে রয়েছে শিক্ষা সম্প্রসারণ বিল। যদি ভারতের বার্ষিক প্রবৃদ্ধি নয় শতাংশ হয়, তাহলেই কেবল এ খাতে বরাদ্দ দেওয়া হতে পারে। এ ছাড়া প্রস্তাবিত খাদ্য-বিলের কারণেও সরকারকে প্রচুর ব্যয় করতে হবে। তাই জাতীয় উপদেষ্টা পরিষদের প্রধান হিসেবে সোনিয়া গান্ধী খাদ্য-বিল পরিবর্তনের নির্দেশ দিয়েছেন। এ বিল অনুযায়ী, প্রতিটি পরিবারকে ২৫ কেজির পরিবর্তে ৩৫ কেজি পর্যন্ত খাদ্যে ভর্তুকি দেওয়ার কথা বলা হয়েছে। অনেক বিশ্লেষক আশঙ্কা প্রকাশ করে বলেছেন, খাদ্য ও জ্বালানি খাতে দেওয়া ভর্তুকি সরকারকে বড় ধরনের অর্থনৈতিক সংকটে ফেলবে। এমনকি সরকারি কর্মকর্তারাও সরকারকে ভর্তুকি কমানোর পরামর্শ দিয়েছেন।সোনিয়া গান্ধী ২০০৪ সালে সংস্কারবাদী অর্থনীতিবিদ মনমোহন সিংকে ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত করেন। তখন তিনি মনমোহন সিংকে দেশের প্রবৃদ্ধি দুই সংখ্যায় নিয়ে যাওয়ার স্বাধীনতা দিয়েছিলেন। তবে একই সঙ্গে তিনি বিভিন্ন সামাজিক উন্নয়ন কার্যক্রমের ব্যাপারেও উদ্যোগী ছিলেন। এসব কর্মসূচির মধ্যে গ্রামীণ মানুষকে চাকরি দেওয়ার কার্যক্রম অন্যতম। এ কর্মসূচির ব্যয় মোট জিডিপির এক শতাংশ।১৯৯১ সালে স্বামী রাজীব গান্ধীর মৃত্যুর পর সোনিয়া সক্রিয় রাজনীতিতে আসেননি। তবে রাজনীতিতে না এলেও তিনি আড়ালে থেকে কাজ করতে পছন্দ করতেন। ১৯৯৮ সালে সোনিয়া সক্রিয় রাজনীতিতে আসেন এবং কংগ্রেসের হাল ধরেন। তাঁর সরকারের প্রথম মেয়াদে তিনি পুরোপুরি পেছনে থেকেই কাজ করে গেছেন। অবশ্য এটা তাঁর জন্য অনেক সুফলও বয়ে এনেছিল। পর্দার আড়ালে থেকে তিনি ক্ষমতা উপভোগ করেছেন ঠিকই, কিন্তু দলের নেতিবাচক কাজের দায়-দায়িত্ব তাঁকে বহন করতে হয়নি। অন্যদিকে এই সুবাদে প্রধানমন্ত্রী মনমোহন সিং নিজেকে এ বলে জাহির করতে পেরেছেন যে তিনি সোনিয়ার পুতুল নন।এই মুহূর্তে সোনিয়া গান্ধী অনেক বড় পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষক মহেশ রঙ্গরাজনের মতে, ‘তিনি সত্যিই দলকে গতিশীল করছেন। তিনি চান, তাঁর দল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসুক।’ আগামী নির্বাচনে জয়লাভ করা নিয়েই সোনিয়ার সব ভাবনা। দিনদিন মনমোহন সিংয়ের নেতৃত্ব দুর্বল হয়ে পড়ছে। গুজব উঠেছে, তাঁর বিদায়ের আর বেশি বাকি নেই। তাঁর অনুসারী সংস্কারপন্থী উপদেষ্টা মনটেক সিং আলুওয়ালিয়া ও স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমও সরে যেতে পারেন। নাম প্রকাশে অনিচ্ছুক কংগ্রেসের এক নেতা বলেছেন, ‘এই তিন নেতার (মনমোহন সিং, মনটেক সিং ও পি চিদাম্বরম) থেকে সোনিয়ার দৃষ্টিভঙ্গি আলাদা হবে। সোনিয়া গান্ধী জাতীয় উপদেষ্টা পরিষদের প্রধান নির্বাচিত হওয়ায় আলোচনার একটা ভালো ক্ষেত্র তৈরি হয়েছে। এ ক্ষেত্রের মাধ্যমে সরকার ও জাতীয় উপদেষ্টা কাউন্সিলের মধ্যে নীতিনির্ধারণী বিষয়গুলো নিয়ে আলোচনার সুযোগ তৈরি হবে।’ নাম প্রকাশে অনিচ্ছুক ওই রাজনীতিবিদের মতে, সম্প্রতি সোনিয়া গান্ধী ভারতীয় লোকসভায় নারী সংরক্ষণ বিল পাস করার উদ্যোগ নিয়ে বেশ সুনাম কুড়িয়েছেন। কিন্তু এ প্রস্তাবের বিরোধীরা সোনিয়া গান্ধীর জনপ্রিয়তায় ধস নামাতে লোকসভায় এই বিল আটকে দিতে পারেন। কিন্তু শেষ পর্যন্ত এটা যখন চূড়ান্ত হবে, তখন সোনিয়ার কাছে তাঁদের পরাজয় ঘটবে। সূত্র: রয়টার্স