আড়ালে থাকা ফার্স্ট লেডিরা...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাবশালী স্বামীদের স্ত্রীরা অন্যের আড়ালে থাকতে বা নিজেদের গুটিয়ে রাখতে পছন্দ করেন না। সবার সামনে নিজেদের তাঁরা প্রকাশ করবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু সাবেক সোভিয়েত ইউনিয়ন বা একসময় এর অন্তর্ভুক্ত থাকা দেশগুলোর ফার্স্ট লেডিরা যেন এমন স্ত্রীদের ব্যতিক্রম।সোভিয়েত নেতারা ঐতিহ্যগতভাবেই তাঁদের স্ত্রী ও সন্তানদের খ্যাতির বাইরে রাখতে পছন্দ করতেন। কিন্তু সোভিয়েত ইউনিয়ন-পরবর্তী নেতাদের মধ্যে এই প্রবণতার কি পরিবর্তন হয়েছে? এমনই এক প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে বিবিসির এক প্রতিবেদনে।সাবেক সোভিয়েত রাশিয়ার প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ ও তাঁর ফ্যাশনসচেতন স্ত্রী ফার্স্ট লেডি রাইসার সঙ্গে বেশ সখ্য ছিল প্রয়াত ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের। এই লৌহমানবীর সংস্পর্শে গত শতকের আশির দশকে ফার্স্ট লেডি রাইসা গর্বাচেভ পশ্চিমা গণমাধ্যমের নজর কাড়েন। নিখুঁত, জাঁকজমকপূর্ণ পোশাক আর বাকপটুতায় সবার দৃষ্টি আকর্ষণ করেন তিনি। তবে রাইসার এই ভাবমূর্তি ছিল গর্বাচেভের ক্ষয়িষ্ণু কমিউনিস্ট রাষ্ট্রটির কঠিন বাস্তবতা থেকে একেবারেই বিপরীত।সোভিয়েত ইউনিয়ন-পরবর্তী রাশিয়ার প্রথম প্রেসিডেন্টের স্ত্রী নাইনা ইয়েলৎসিন। নাইনা তাঁর পূর্বসূরি রাইসার চেয়ে ছিলেন অনেকটাই অনুজ্জ্বল। কিন্তু রাশিয়ায় তাঁর এখনো রয়েছে এক আলাদা ভাবমূর্তি ও অন্যরকম গ্রহণযোগ্যতা। স্লাভিক-সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর বর্তমান ফার্স্ট লেডিদের মধ্যেও একই রকম ক্যামেরাভীতি দেখা যায়।রাশিয়ার এখনকার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেভাবে বিশ্ব দাপিয়ে বেড়ান, তাঁর সঙ্গে স্ত্রী লুদমিলা পুতিনের রয়েছে বিস্তর ফারাক। সম্প্রতি এক বিনোদন সাময়িকীর প্রচ্ছদে তাঁকে দেখা গেছে। তবে তিনবারের এই ফার্স্ট লেডিকে জনসমক্ষে দেখা যায় কদাচিৎ। ২০১২ সালের মে মাসে নতুন দফায় পুতিনের অভিষেকের পর গত মার্চেই কেবল স্ত্রী লুদমিলাকে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির হতে দেখা যায়। এ নিয়ে রুশ গণমাধ্যমেও ছিল না মাতামাতি।লুদমিলা ইয়ানুকোভিচ ইউক্রেনের ফার্স্ট লেডি। তিনিও লুদমিলা পুতিনের মতোই অন্তরালে থাকা পছন্দ করেন। সংবাদমাধ্যমের খবরে জানা যায়, তিনি তাঁর স্বামীর সমর্থকদের শক্ত ঘাঁটি ডোনেস্কে ‘সন্ন্যাসী’ জীবন কাটাচ্ছেন। রাজধানী কিয়েভে তো নয়ই, আঞ্চলিক কোনো অনুষ্ঠানেও তাঁর উপস্থিতি বিরল।এ প্রসঙ্গে ইউক্রেনের খ্যাতিমান সাংবাদিক সের্গেই লেশেনকো বলেন, ‘ফার্স্ট লেডি ধারণাটি মূলত মার্কিন রাজনীতির সঙ্গে জড়িত। এটি সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রগুলোতে টেকেনি। কেননা, এসব প্রজাতন্ত্রের অধিকাংশ নেতার জন্ম ও বেড়ে ওঠা এই সোভিয়েত ইউনিয়নে। তাঁরা সোভিয়েত মানসিকতাকেই এখনো ধারণ করেন।’বেলারুশের বিশেষজ্ঞ ভ্যালেরি কারবালেভিচ বলেন, ‘সোভিয়েত রীতি হলো, এখানকার নেতাদের স্ত্রীদের প্রদর্শনের বস্তু না বানানো। এই রীতি জনসচেতনতার গভীর থেকে উঠে এসেছে।’ বিবিসি।