আড়ি পাতার অভিযোগ নাকচ যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থার
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি শন স্পাইসারের তোলা অভিযোগ নাকচ করে দিয়ে যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা জিসিএইচকিউ বলেছে, তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর আড়ি পাতায় সহায়তা করেনি। এক বিবৃতিতে গোয়েন্দা সংস্থাটি বলেছে, অভিযোগটি ‘অবাস্তব ও হাস্যকর’।
শন স্পাইসার বলেছিলেন, মার্কিন নির্বাচনী প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্পের ওপর আড়ি পাতার জন্য তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা যুক্তরাজ্যের গোয়েন্দাদের দ্বারস্থ হন।
জিসিএইচকিউ ব্রিটিশ গোয়েন্দা কর্তৃপক্ষ গভর্নমেন্ট কমিউনিকেশনস হেডকোয়ার্টার্সের সংক্ষিপ্ত নাম। তাদের এক মুখপাত্র বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের ওপর আড়ি পাতার জন্য বারাক ওবামা জিসিএইচকিউকে বলেছিলেন বলে যে অভিযোগটি করা হয়েছে তা হাস্যকর।
এর আগে গণমাধ্যমের ভাষ্যকার বিচারক অ্যান্ড্রু নাপোলিতানোকে উদ্ধৃত করে চলতি সপ্তাহের শুরুতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি শন স্পাইসার টিভি চ্যানেল ফক্স নিউজে বলেন, বারাকা ওবামা ট্রাম্পের ওপর আড়ি পাতায় দেশীয় গোয়েন্দা সংস্থার বদলে যুক্তরাজ্যের জিসিএইচকিউর দ্বারস্থ হন।
সম্প্রতি আড়ি পাতার এই অভিযোগ এনে আলোড়ন তোলেন ট্রাম্প। কিন্তু এর পক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি।
গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সিনেট ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান রিচার্ড বার আড়ি পাতার বিষয়ে ট্রাম্পের অভিযোগ উড়িয়ে দিয়েছেন।
রয়টার্সের খবরে বলা হয়, গতকাল শুক্রবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মের এক মুখপাত্র বলেন, ‘আমরা মার্কিন প্রশাসনকে পরিষ্কার জানিয়েছি যে এই অভিযোগ উদ্ভট। এ ধরনের অভিযোগের পুনরাবৃত্তি হবে না বলে আমরা নিশ্চয়তা পেয়েছি।’