আড়িপাতায় ক্ষুব্ধ মার্কিনিরা, ওয়াশিংটনে বিক্ষোভ
মার্কিন নাগরিকদের ওপর সরকারের নজরদারি ও গোয়েন্দা তত্পরতার প্রতিবাদে ওয়াশিংটনে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাজধানীর সড়কে নেমে আসা হাজারো জনতা সরকারের গোয়েন্দাবৃত্তির প্রতিবাদ জানায়। সমাবেশ থেকে যুক্তরাষ্ট্র সরকারের গোয়েন্দা তত্পরতার খবর ফাঁস করার জন্য অ্যাডওয়ার্ড স্নোডেনকে ধন্যবাদ জানানো হয়। শতাধিক নাগরিক অধিকার সংগঠন যৌথভাবে এ বিক্ষোভ সমাবেশ আহ্বান করে। ক্যাপিটল হিলের সামনে দিয়ে শোভাযাত্রার সময় ক্ষুব্ধ জনতার হাতে ছিল প্রতিবাদী স্লোগান লেখা সব প্ল্যাকার্ড। এতে লিখা ছিল ‘ধন্যবাদ অ্যাডওয়ার্ড স্নোডেন’, ‘গোয়েন্দাগিরি বন্ধ করো’, ‘গোপন বিচার রন্ধ করো’।
বিক্ষোভ সমাবেশে যুক্তরাষ্ট্রের উদারনৈতিক ও রক্ষণশীলদের যৌথ উপস্থিতি ছিল লক্ষণীয়। সাধারণত নাগরিক অধিকারের আন্দোলনে যুক্তরাষ্ট্রের রক্ষণশীলদের দেখা মেলে কদাচিত্। রিপাবলিকান আইনপ্রণেতা মাইক লি, টেড ক্রুজসহ সাবেক ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী সারাহ পেলন উপস্থিত ছিলেন বিক্ষোভ সমাবেশে।
‘ফ্রি প্রেস’ নামে উদারনৈতিক সংগঠনের প্রতিনিধি ক্রেগ অ্যারোন সমাবেশে বলেন, ডান-বাম নয়, এ আন্দোলন হচ্ছে নৈতিকতা ও অনৈতিকতার। অকুপাই ওয়াল স্ট্রিট, কাউন্সিল অব আমেরিকান ইসলামিক রিলেশন্স, আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নসহ বড় বড় নাগরিক সংগঠনের নেতারা সমাবেশে বক্তব্য দেন। সমাবেশ থেকে সরকারের গোয়েন্দা তত্পরতা বন্ধের জন্য একটি স্মারকলিপি আইনপ্রণেতাদের কাছে পাঠানো হয়।
জাতীয় গোয়েন্দা বিভাগে এক সময়ে কর্মরত ঠিকাদার অ্যাডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা তথ্যে যুক্তরাষ্ট্র সরকারের ব্যাপক গোয়েন্দা তত্পরতার তথ্য প্রকাশ্য হয়ে পড়ে। সরকারের গোপন তথ্য ফাঁসের অভিযোগে গ্রেপ্তার এড়াতে স্নোডেন এখন রাশিয়ায় রাজনৈতিক আশ্রয়ে আছেন। তাঁকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য মার্কিন সরকার মরিয়া হয়ে উঠেছে। ইতিমধ্যে ফাঁস করা তথ্যে জানা গেছে, দেশের নাগরিকদের পাশাপাশি বিভিন্ন সরকারপ্রধানদের ফোনে আড়িপাতার কাজটিও করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিভাগ। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল থেকে ব্রাজিলের প্রেসিডেন্ট পর্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বনেতাদের ফোনে আড়িপাতা হয়েছে। এ নিয়ে রাষ্ট্রগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে।
ওয়াশিংটনে নাগরিকদের প্রতিবাদ সমাবেশে স্নোডেনের একটি বিবৃতি পাঠ করে শোনানো হয়। এতে ফোন ও ইন্টারনেটে আড়িপাতা নিয়ে যুক্তরাষ্ট্র সরকারের তীব্র সমালোচনা করেছেন পালিয়ে বেড়ানো স্নোডেন।
জেসেলিন রাডেক নামের এক নারী নেত্রী স্নোডেনের বিবৃতি থেকে উল্লেখ করে বলেন, ‘আমাদের আইন প্রণেতারা বলে থাকেন আড়িপাতা নাকি গোয়েন্দাগিরি নয়।’ সমাবেশজুড়ে তখন ‘শেম’ ‘শেম’ ধ্বনি ওঠে। সরকারের জাতীয় গোয়েন্দা বিভাগের আড়িপাতা বন্ধের জন্য যুক্তরাষ্ট্রে ব্যাপক জনমত গড়ে উঠেছে। নাগরিকেরা বিষয়টিকে ব্যক্তিগত গোপনীয়তায় হস্তক্ষেপ বলে মনে করছেন। ফোন ও ইন্টারনেটে আড়িপাতা আইন করে বন্ধ করার দাবি উঠেছে। শনিবারের বিক্ষোভ সমাবেশে একদল বিক্ষোভকারীকে প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়।