আয় কমেছে ওবামার
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার আয় আগের বছরের চেয়ে কমেছে। ২০১৩ সালে ওবামা পরিবারের আয় হয়েছে চার লাখ ৮২ হাজার ডলার। ২০১২ সালে এই অঙ্ক ছিল ছয় লাখ আট হাজার ডলার। গত শুক্রবার হোয়াইট হাউসের প্রকাশিত বিবরণী থেকে এসব তথ্য জানা গেছে।
আগের বছরের চেয়ে আয় কমলেও নতুন নিয়মে বেশি কর দিতে হয়েছে প্রেসিডেন্ট ওবামাকে। ২০১৩ সালের কর বিবরণীতে তিনি বার্ষিক আয়ের ২০ দশমিক ৪ শতাংশ কর পরিশোধ করেছেন।
প্রেসিডেন্ট হিসেবে প্রাপ্ত সম্মানী ছাড়াও নিজের লেখা বইয়ের বিক্রি থেকে আয় করে থাকেন ওবামা। তবে তাঁর ড্রিম অব মাই ফাদার এবং ওডাসিটি অব হোপ বই দুটির বিক্রি কমে গেছে। এ কারণেই ওবামার আয় কমেছে।
নতুন কর আইনে চলতি বছর থেকে যুক্তরাষ্ট্রের উচ্চ আয়ের লোকজনের জন্য কর বৃদ্ধি করা হয়েছে। বিকল্প ন্যূনতম কর আইনে উচ্চ আয়ের লোকজনকে তাদের আয়ের ওপর করসুবিধা পাওয়ার বিধান উঠিয়ে নেওয়া হয়েছে এ বছর থেকে।
কর বিবরণীতে দেখা গেছে, জনহিতকর কাজে নিজের আয়ের ১২ দশমিক ৩ শতাংশ দান করেছেন প্রেসিডেন্ট ওবামা।