আয়শা আফ্রিকার ক্লডিয়া শিফার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির মেয়ে আয়শা আল গাদ্দাফি। ২০০৬ সালের আগ পর্যন্ত তিনি ছিলেন আধুনিক ফ্যাশনের প্রতীক। রং করা উজ্জ্বল বাদামি চুল, আকর্ষণীয় চেহারা আর আধুনিক সাজ-পোশাকে সহজেই সবার নজর কাড়তেন তিনি। গাদ্দাফির আট সন্তানের মধ্যে সাইফ আল ইসলাম বাদে অন্য সবার চেয়ে অন্য রকম উজ্জ্বল তিনি। বহির্বিশ্বেও যথেষ্ট পরিচিত। গত বৃহস্পতিবার আরব দেশগুলোর গণমাধ্যম আয়শাকে বিশ্বখ্যাত জার্মান মডেল ও অভিনেত্রী ক্লডিয়া শিফারের সঙ্গে তুলনা করেছে। তাঁকে ‘উত্তর আফ্রিকার ক্লডিয়া শিফার’ বলে উল্লেখ করা হয়েছে।একসময় ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনির সঙ্গে সম্পর্কের গুজব ওঠে আয়শার। ইতালির একটি পত্রিকায় এই খবর প্রকাশ করা হয়। ২০০৬ সালে লিবিয়ার সামরিক বাহিনীর এক কর্নেলকে বিয়ে করেন আয়শা। এর পর থেকে তাঁর জীবনাচরণে পরিবর্তন আসে। তিনি ২০০৯ সালের জুলাই থেকে গত ফেব্রুয়ারি পর্যন্ত জাতিসংঘের শুভেচ্ছা দূত হিসেবে দায়িত্ব পালন করেন। লিবিয়ার সবচেয়ে বড় দাতব্য সংগঠন ওয়াটাসিমুর সঙ্গেও সংশ্লিষ্ট তিনি।লিবিয়ায় গত শনিবার থেকে পশ্চিমা জোট বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। এর মধ্যে ত্রিপোলিতে গাদ্দাফির বাসভবন ও অন্যতম সামরিক ঘাঁটি বলে পরিচিত বাব আল-আজিজিয়া চত্বরে দুবার হামলা চালানো হয়। আয়শা বাবার সঙ্গে বাব আল-আজিজিয়ায় অবস্থান করছেন। সেখানেও গাদ্দাফির ঘনিষ্ঠজনদের মধ্যে তাঁকে আলাদাভাবেই চোখে পড়ে। তবে এখন আর চুলে রং করেন না তিনি। মুখমণ্ডলে নেকাব পরেন। সব মিলিয়ে আগের সেই উজ্জ্বলতাও যেন একটু কমেছে।গত অক্টোবরে একটি পত্রিকায় আয়শার সাক্ষাৎকার প্রকাশ করা হয়। এতে জীবনাচরণ পরিবর্তনের কারণে কোনো বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছিল কি না, জানতে চাইলে আয়শা বলেন, ‘সবাই বিষয়টি ভালোভাবেই নিয়েছেন। আগের মতোই বন্ধুসুলভ আচরণ করেন তাঁরা। কেউ কখনো বিরূপ প্রতিক্রিয়া দেখাননি।’বর্তমানে যুদ্ধের সময় বাবা গাদ্দাফির পাশেই থাকছেন আয়শা। বাবার মতোই লিবিয়ার জনগণের উদ্দেশে তিনি বলেন, ‘আমি দৃঢ়প্রতিজ্ঞ, জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত লিবিয়াতেই থাকব।’ সূত্র: টেলিগ্রাফ