দিল্লি হাইকোর্টে গত সপ্তাহের বোমা হামলার সঙ্গে জড়িত সন্দেহে ভারতশাসিত কাশ্মীরের দুই কিশোরকে গত বুধবার গ্রেপ্তার করা হয়েছে। সরকারি কর্মকর্তারা এ কথা জানান। চরমপন্থী একটি সংগঠন বোমাটি পেতেছিল বলে এই দুই কিশোর ই-মেইলের মাধ্যমে প্রচারমাধ্যমকে জানিয়েছিল।কাশ্মীরে উচ্চবিদ্যালয়ে পড়ুয়া গ্রেপ্তার হওয়া কিশোরদের নাম শারিক আহমেদ ও আবিদ হুসেন। পুলিশ জানিয়েছে, ওই দুই কিশোর তাদের ই-মেইল বার্তায় দাবি করেছিল, চরমপন্থী সংগঠন হরকাতুল জিহাদ আল-ইসলামি (হুজি) ঘটনাস্থলে বোমা পেতে রেখেছিল। তারা একটি সাইবার ক্যাফে থেকে ই-মেইলটি করে। এর আগে পুলিশ এই বোমা হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই সাইবার ক্যাফের মালিকসহ বেশ কয়েকজনকে আটক করেছে।কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব আর কে সিং গত বুধবার রাতে জানিয়েছেন, বোমা হামলায় জড়িত সন্দেহে বেশকিছু লোককে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের অগ্রগতি সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না।দিল্লি হাইকোর্ট ভবনে ৭ সেপ্টেম্বর বোমা হামলা চালানো হয়। এতে ১৪ জন নিহত ও ৭৬ জন আহত হয়েছে। চলতি সপ্তাহের শুরুর দিকে ভারতীয় মুজাহিদিন হামলাটি চালিয়েছে দাবি করে একটি ভুয়া ই-মেইল পাঠানোর দায়ে গুজরাট থেকে পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। বিবিসি।