ইঁদুরমুক্ত হতে চায় নিউজিল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইঁদুর ঘুরে বেড়াতে পারে। ফসল নষ্ট করে। আর ছড়িয়ে দিতে পারে মারাত্মক রোগজীবাণু। এসব বৈশিষ্ট্যের কারণেই প্রাণীটি বন্ধু নয় মানুষের, বরং সবচেয়ে বড় আপদগুলোর একটি। দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ড তাই ইঁদুরকে আর জায়গা দিতে রাজি নয়।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি এক উচ্চাভিলাষী পরিকল্পনার ঘোষণা দিয়ে গতকাল সোমবার বলেছেন, ২০৫০ সালের মধ্যে তাঁর দেশে একটিও ইঁদুর যেন অবশিষ্ট না থাকে, সেই লক্ষ্য পূরণ করতে হবে। গ্রামাঞ্চল ইঁদুরমুক্ত হলে কিউই এবং অন্যান্য দেশি পাখির প্রজনন বাড়বে। ইঁদুর মারার বিষ প্রয়োগের কারণে অনেক পাখি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। এসব বিষের কারণে পাখিদের ডিম নষ্ট হয়।
নিজেদের ছোট ছোট দ্বীপ থেকেও ইঁদুর একেবারে নির্মূল করতে চায় নিউজিল্যান্ড। তবে বিজ্ঞানীদের কেউ কেউ এ অভিযানের বিষয়ে সতর্ক করে দিয়ে বলেছেন, যুক্তরাজ্যের মতো তুলনামূলক ছোট দেশেও এ লক্ষ্য পূরণ হয়নি।
ওয়েলিংটনের একটি প্রাণী অভয়ারণ্য পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী কি বলেন, ইঁদুর তাড়ানোর লক্ষ্য পূরণের জন্য সবার সাহায্য প্রয়োজন। তহবিলদাতা থেকে শুরু করে উপজাতীয় মাওরি সম্প্রদায় পর্যন্ত সবাইকে এগিয়ে আসতে হবে। কারণ, এটা বিশ্বের সবচেয়ে উচ্চাভিলাষী সংরক্ষণ প্রকল্প। সরকার এ জন্য প্রাথমিকভাবে চার বছরে দুই কোটি মার্কিন ডলার খরচ করে একটি প্রতিষ্ঠান গড়বে, যা ইঁদুর তাড়ানোর প্রকল্পের দেখভাল করবে।
সংরক্ষণ বিভাগ ইতিমধ্যে কয়েকটি ছোট দ্বীপ থেকে ইঁদুর তাড়িয়েছে। এ কাজে বিভিন্ন ফাঁদ, বিষ এবং টোপ ব্যবহার করা হয়। মূল ভূখণ্ডের কয়েকটি স্থানও ইঁদুরমুক্ত করা হয়েছে। তবে পরিপূর্ণভাবে ইঁদুরমুক্ত দেশ পেতে বড় পরিসরের অভিযান শুরু করতে হবে। অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের বাস্তুসংস্থান বিশেষজ্ঞ জেমস রাসেল বলেন, কাজটা কঠিন হলেও অসম্ভব নয়।