ইঁদুরের বিরুদ্ধে তেহরানের ‘যুদ্ধ’
ইরানের রাজধানী তেহরানে ইঁদুরের উপদ্রব বেড়ে গেছে। জনজীবন অতিষ্ঠ করে তুলেছে তারা। নিয়ন্ত্রণহীনভাবে বংশবৃদ্ধি হওয়ায় তাদের উপদ্রবে নগরবাসীর ঘুম হারাম হওয়ার জোগাড় হয়েছে। এ অবস্থায় তেহরানের মহানগর কর্তৃপক্ষ ইঁদুর নিধন অভিযান শুরু করেছে। ইরানের রাষ্ট্রীয় দৈনিক ইরান ডেইলি গতকাল সোমবার এ কথা জানিয়েছে।তেহরান মহানগর কর্তৃপক্ষের উপপ্রধান হোসেইন কালখোরানি বলেছেন, আগামী নতুন ইরানি বর্ষ (২০১২ সালের মার্চ) শুরু হওয়ার আগেই ইঁদুরের বংশবৃদ্ধির হার সহনশীল মাত্রায় নামিয়ে আনা হবে।কর্তৃপক্ষ বলেছে, তারা নিয়মিত কাজের অংশ হিসেবে প্রতি বছর তেহরান থেকে প্রায় ১০ লাখ ইঁদুর নিধন করে। কিন্তু তা সত্ত্বেও ইঁদুরের বংশবিস্তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। কর্মকর্তারা বলেছেন, দক্ষিণাঞ্চলের অপেক্ষাকৃত দরিদ্র এলাকায় ইঁদুরের উৎপাত বেশি। সেখানে যত মানুষ বাস করে তার প্রায় ছয় গুণ ইঁদুর রয়েছে। তেহরানের বর্তমান লোকসংখ্যা ৮০ লাখের বেশি। আর ইঁদুরের সংখ্যা এর কয়েক গুণ বেশি। রিপোর্টে বলা হয়, বিশ্বের বাকি দেশের ইঁদুরের চেয়ে ইরানের ইঁদুর প্রায় ২৫ শতাংশ বড় হয়। কোনো কোনো ইঁদুর একেকটা বেড়ালের সমানও হয়ে থাকে। আর এসব ইঁদুর মারার জন্য প্রতিবছর সরকারকে প্রায় এক কোটি ডলার খরচ করতে হয়। এএফপি।