যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, ভাষা পরীক্ষায় পাস না করলে দেশটি থেকে অভিবাসীদের বের করে দেওয়া হতে পারে। সমাজে মুসলিম নারীদের বৃহত্তরভাবে অন্তর্ভুক্তির একটি পরিকল্পনা প্রকাশের পর এ কথা বলেছেন তিনি। ‘পশ্চাৎপদ আচরণ’ থেকে তাদের ‘রক্ষায়’ ভাষাশিক্ষার ওই প্রকল্প নেওয়া হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।
বিবিসি রেডিও ফোরকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যামেরন ২০ মিলিয়ন পাউন্ডের ওই প্রকল্পের বিস্তারিত প্রকাশ করেন। তাঁর দাবি, যুক্তরাজ্যে ৩৮ হাজার মুসলিম নারী রয়েছেন, যাঁরা ইংরেজি বলতে পারেন না। এর বাইরে ১ লাখ ৯০ হাজার মুসলিম নারী রয়েছেন, যাঁদের ইংরেজিতে দক্ষতা একেবারেই সীমিত।
অবশ্য, ব্রিটিশ প্রধানমন্ত্রী বলছেন, শুধু মুসলিম নারীরা নন, স্বামী বা স্ত্রী হিসেবে পাঁচ বছরের ভিসা নিয়ে যাঁরা যুক্তরাজ্যে প্রবেশে করেছেন, তাঁদের সবাইকে ভাষা পরীক্ষায় বসতে হবে। ভিসার মেয়াদের মাঝামাঝি সময়ে, অর্থাৎ আড়াই বছরের মাথায় এ পরীক্ষা দিতে হবে। এর মাধ্যমে প্রমাণ দিতে হবে, তাঁরা ইংরেজি ভাষায় উন্নতি করেছেন।