ইংরেজি শিখছেন মস্কোর পাতাল রেল কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আধুনিকায়ন শেষে মস্কোর পাতাল রেলের টিকিট কাউন্টার। ছবি: প্রথম আলো
আধুনিকায়ন শেষে মস্কোর পাতাল রেলের টিকিট কাউন্টার। ছবি: প্রথম আলো

রাশিয়ায় যাঁরা বেড়াতে গিয়েছেন, ভাষাবিষয়ক জটিলতায় তাঁদের পড়তে হয়েছে। দেশটির কর্মক্ষম জনসংখ্যার একটি বিরাট অংশ ভালোভাবে ইংরেজিতে কথা বলতে না পারাই এর মূল কারণ।

এই তো কয়েক দিন আগে একটি আন্তর্জাতিক চিত্রকর্ম প্রদর্শনীতে অংশ নিতে সম্প্রতি রাশিয়া আসেন বাংলাদেশের চিত্রশিল্পী দিলরুবা লতিফ রোজী। তিন দিনের প্রদর্শনী শেষে ঘুরে বেড়িয়েছেন মস্কো শহরের নানা পর্যটন স্পট। কিন্তু ভাষা-সংক্রান্ত জটিলতার কারণে অনেক কষ্ট করে তাঁর চলাফেরা করতে হয়েছে। রাশিয়া সফরে এসে ভাষা বিড়ম্বনার অভিজ্ঞতা নিয়ে প্রথম আলোকে তিনি বলেন, ‘এত সুন্দর একটি দেশ, কিন্তু পর্যটকদের অনেক কষ্ট করে চলাফেরা করতে হয়, পড়তে হয় নানা হয়রানিতে।’

দিলরুবা লতিফ বলেন, ‘ভাষাগত জটিলতার কারণে আমরা মস্কোর মেট্রোতেও চড়তে পারিনি, আমরা অনেক কষ্ট করে বাঙালি লোক খুঁজে ট্যাক্সি ভাড়া করেছি।’

তবে আশার কথা হলো, দিলরুবা লতিফের মতো বিদেশি পর্যটকেরা, যাঁরা মস্কোর পাতাল রেল না দেখেই আফসোস নিয়ে দেশে ফিরেছেন তাঁদের অন্তত পাতাল রেলে ভাষা-সংক্রান্ত জটিলতায় আর পড়তে হবে না। ইংরেজি ভাষায় দক্ষতা বাড়াতে মস্কো পাতাল রেলের (মেট্রোরেল) সব কর্মীদের জন্য শিগগিরই ইংরেজি ভাষা শিক্ষার কোর্স চালু হতে যাচ্ছে। প্রাথমিক ধাপে টিকিট কাউন্টারের কর্মী ও পরিদর্শকেরা এই কোর্স করার সুযোগ পাবেন।

মস্কোর একটি পাতাল রেল স্টেশনের ভেতরের ছবি। ছবি: প্রথম আলো
মস্কোর একটি পাতাল রেল স্টেশনের ভেতরের ছবি। ছবি: প্রথম আলো

রাশিয়ায় অনুষ্ঠিতব্য ২০১৭ ফিফা কনফেডারেশনস কাপ এবং ২০১৮ ফিফা বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে ইংরেজি ভাষা শিক্ষার কোর্স শুরু করতে যাচ্ছে মস্কো নগর কর্তৃপক্ষ। ইংরেজি ভাষা শিক্ষার প্রাথমিক কোর্সে মোট ৬৫০ জন কর্মীকে নেওয়া হবে; যাদের মধ্যে ৩৫০ জন টিকিট বিক্রেতা ও ৩০০ জন পরিদর্শক থাকবেন। এর আগে মস্কো নগর কর্তৃপক্ষের পাইলট প্রকল্পে অংশ নেওয়া মস্কো পাতাল রেলের ১০০ জন কর্মী সাফল্যের সঙ্গে ইংরেজি ভাষা শিক্ষার কোর্স শেষ করেন।

রুশ গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মস্কো নগরীর সড়ক পরিবহন অবকাঠামো উন্নয়ন ও পরিবহন বিভাগের বিভাগীয় প্রধান মাক্সিম লিকসুতোভ বলেন, ফিফা কনফেডারেশনস কাপ ও ফিফা বিশ্বকাপের মতো বিশ্বের অন্যতম বড় ক্রীড়া আসর আয়োজনের সার্বিক প্রস্তুতির অংশ হিসেবে মস্কো পাতাল রেলের কর্মীদের জন্য আমরা ইংরেজি ভাষা শিক্ষার কোর্স চালু করতে যাচ্ছি।’

মাক্সিম লিকসুতোভ আরও বলেন, ফিফা কনফেডারেশনস কাপ চলাকালে পাতাল রেলের অন্তত ১০টি স্টেশনে ‘সরাসরি আলাপন’ নামের বুথ বসানো হবে; যেখান থেকে যাত্রীরা শহরের বিভিন্ন পরিবহন রুট এবং পর্যটন কেন্দ্র সম্পর্কে নানা প্রশ্নের উত্তর পাবেন।

চলতি বছরের গ্রীষ্ম মৌসুমের মধ্যে মস্কো নগরীর পর্যটনবান্ধব পরিবেশ আরও উন্নত করতে পাতাল রেলকে ঘিরে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। স্টেশনগুলোতে আগের চেয়ে অনেক বেশি ইংরেজি সংকেত চোখে পড়ছে। পাতাল রেলের তাগান্সকা-ক্রাস্নাপ্রেসনেনস্কায়া ও রিং লাইনসহ বেশ কয়েকটি লাইনে চলাচলকারী ট্রেনে রুশ ভাষার পাশাপাশি ইংরেজি ভাষার ব্যবহার হচ্ছে। পর্যায়ক্রমে পাতাল রেলের সবক’টি লাইনে এই কার্যক্রম শুরু হবে। ইংরেজি ভাষায় জ্ঞান রয়েছে—এমন কর্মীকে নিয়োগ দেওয়ার জন্য এরই মধ্যে বিজ্ঞাপনও দিয়েছে মস্কো মেট্রোপলিটন।

মস্কোতে প্রথম পাতাল রেললাইন চালু হয়েছিল ১৯৩৫ সালের ১৫ মে। তখন সাকোলনিকি থেকে পার্ক কুলতুরি পর্যন্ত মেট্রোপলিটন লাইন নামের প্রথম পাতাল রেললাইনটি রাশিয়ার রাজধানীর পাতাল যোগাযোগব্যবস্থায় নতুন যুগের সূচনা করে। দেশটির মেট্রো রেলব্যবস্থায় বর্তমানে রয়েছে ১৩টি লাইন এবং রেলপথের পরিধি হচ্ছে ৩৪৬ দশমিক ২ কিলোমিটার। গোটা মস্কো নগরে পাতাল রেলের স্টেশনের সংখ্যা ২০৬টি।