ইংলাককে পদত্যাগের নির্দেশ আদালতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে তাঁর পদ ছাড়তে হবে। ক্ষমতার অপব্যবহারের মামলায় আজ বুধবার দেশটির সাংবিধানিক আদালত এ রায় দিয়েছেন।

দেশটির মন্ত্রিসভা অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে কাজ করার জন্য অর্থমন্ত্রী নিওয়াত্তুম্রং বুনসংপাইসানকে নিয়োগ দিতে সম্মত হয়েছে।

ক্ষমতার অপব্যবহার করার অভিযোগে করা মামলায় আত্মপক্ষ সমর্থন করতে গতকাল মঙ্গলবার আদালতে হাজির হন ইংলাক। নিজেকে নির্দোষ দাবি করে গতকাল আদালতে তিনি বলেন, ‘আমি কোনো আইন লঙ্ঘন করিনি। নিরাপত্তাপ্রধান নিয়োগের মাধ্যমে আমি কোনো সুবিধা নিইনি।’

বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, এই রায়ে থাইল্যান্ডে চলমান রাজনৈতিক সংকট আরও গভীর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইংলাকের সমর্থক ও বিরোধীরা রাজপথে পাল্টাপাল্টি সমাবেশের হুমকি দিচ্ছে।
২০১১ সালে নির্বাচনের পর ইংলাকের দলীয় স্বার্থে তত্কালীন নিরাপত্তাপ্রধান থাওইল প্লিনেস্রিকে সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ আনা হয়।
আজ আদালত রুলিংয়ে বলেছেন, তত্কালীন নিরাপত্তাপ্রধান থাওইল প্লিনেস্রিকে সরিয়ে দেওয়ার ক্ষেত্রে আইন লঙ্ঘন করেছেন ইংলাক।
সরকারপন্থী ‘লাল শার্ট’ কর্মীরা ইংলাকের অব্যাহতি ঠেকানোর অঙ্গীকার করেছেন। ফলে আদালতের রায় ইংলাকের বিরুদ্ধে যাওয়ায় ভয়াবহ রাজনৈতিক সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে।
ছয় মাস ধরে বিক্ষোভের মধ্যে রাজনৈতিক সহিংসতায় দেশটিতে অন্তত ২৫ জনের মৃত্যু ও বহু মানুষ আহত হয়েছে। থাই রাজনীতিতে সম্প্রতি গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হয়েছেন সাংবিধানিক আদালত। সমালোচকদের অভিযোগ, আদালতের তড়িঘড়ি তত্পরতা রাজনৈতিকভাবে সিনাওয়াত্রা পরিবারের বিরুদ্ধে যাচ্ছে।
বিরোধীরা অভিযোগ করছে, ইংলাক তাঁর ভাই থাকসিনের নির্দেশনা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করছেন।

ক্ষমতার অপব্যবহারের দায়ে থাই প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে আদালত ক্ষমতা ছাড়ার নির্দেশ দিলে উল্লাস প্রকাশ করেন সরকারবিরোধী বিক্ষোভকারীরা। ছবি: রয়টার্স
ক্ষমতার অপব্যবহারের দায়ে থাই প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে আদালত ক্ষমতা ছাড়ার নির্দেশ দিলে উল্লাস প্রকাশ করেন সরকারবিরোধী বিক্ষোভকারীরা। ছবি: রয়টার্স