ইংলাককে বিদেশ যাওয়ার অনুমতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইংলাক সিনাওয়াত্রা
ইংলাক সিনাওয়াত্রা

থাইল্যান্ডের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছে দেশটির সামরিক সরকার।
আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, গত ২২ মে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম বিদেশ যাওয়ার সুযোগ পেলেন ইংলাক।
ইংলাককে ২০ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত ইউরোপ সফরের অনুমোদন দিয়েছে দেশটির সামরিক সরকার।
জান্তা সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, ইংলাক এ পর্যন্ত সামরিক আইন ও শর্ত ভঙ্গ করেননি। তিনি সহযোগিতামূলক আচরণ করেছেন। এ কারণে তাঁকে বিদেশ সফরের অনুমতি দেওয়া হয়েছে।
ফ্রান্সে ভাই থাকসিন সিনাওয়াত্রার জন্মদিনে ইংলাক যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে। ২০০৬ সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে স্বেচ্ছানির্বাসনে থাকা থাকসিন ২৬ জুলাই ৬৫ বছরে পা দেবেন।