ইংলাককে বিদেশ যাওয়ার অনুমতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছে দেশটির সামরিক সরকার।ইংলাক ফ্রান্সে তাঁর ভাই থাকসিন সিনাওয়াত্রার ৬৫তম জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে। খবর রয়টার্স ও বিবিসির।
গত ২২ মে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম বিদেশে যাওয়ার সুযোগ পেলেন ইংলাক।অভ্যুত্থানের পর সেনাবাহিনী ইংলাকসহ থাইল্যান্ডের অনেক রাজনীতিক, শিক্ষাবিদ, সাংবাদিককে আটক ও গ্রেপ্তার করে। সরকারের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ ও সহিংসতা দমন করতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়।
সেনাবাহিনীর এক কর্মকর্তা বলেন, ইংলাক বিদেশে গিয়ে রাজনীতি থেকে দূরে থাকবেন—এমন শর্তে তাঁকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
সামরিক সূত্র জানায়, ইংলাককে ২০ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত ইউরোপ সফরের অনুমোদন দিয়েছে সামরিক সরকার। সফর শেষে তাঁকে দেশে ঢোকার অনুমোদন দেওয়া হবে।
জান্তা সরকারের এক মুখপাত্র জানান, ইংলাক এ পর্যন্ত সামরিক আইন ও শর্ত ভঙ্গ করেননি। তিনি সহযোগিতামূলক আচরণ করেছেন। এ কারণে তাঁকে বিদেশ সফরের অনুমতি দেওয়া হয়েছে।
ইংলাকের ভাই থাকসিন ২০০৬ সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন। দুর্নীতির মামলার সাজা এড়াতে ২০০৮ সাল থেকে তিনি স্বেচ্ছানির্বাসনে রয়েছেন। তিনি ২৬ জুলাই ৬৫ বছরে পা দেবেন।