ইংলাকপন্থীদের পাল্টা হুঁশিয়ারি
এবার থাইল্যান্ডের কোণঠাসা প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার সমর্থকেরা রাজপথে নামার হুঁশিয়ারি দিলেন। ‘লাল শার্ট’ হিসেবে পরিচিত ইংলাকপন্থীরা গতকাল বুধবার এ হুঁশিয়ারি দেন।
ইংলাকের পদত্যাগের দাবিতে বিরোধীদের উত্তাল বিক্ষোভ চলার সময় তাঁর সমর্থকেরা রাজপথে নেমে এলে উভয়ের মধ্যে সংঘর্ষ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে লাল শার্টদের পক্ষ থেকে বলা হচ্ছে, সরকারবিরোধীদের সঙ্গে সংঘাতে জড়ানোর কোনো পরিকল্পনা তাঁদের নেই। ‘সরকারকে রক্ষা করাই’ তাঁদের উদ্দেশ্য।
অব্যাহত বিক্ষোভের মুখে গত সোমবার পার্লামেন্ট ভেঙে দিয়েছেন ইংলাক। আগাম নির্বাচনের ঘোষণাও দিয়েছেন তিনি। তবে পদত্যাগের দাবিকে সংবিধানবিরোধী আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছেন।
সরকারবিরোধী আন্দোলনের নেতা সাবেক উপপ্রধানমন্ত্রী সুথেপ থগসুবান বলে আসছেন, ইংলাককে পদত্যাগ করতেই হবে। এ জন্য তাঁরা ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিলেন। মঙ্গলবার ওই সময়সীমা পার হলে ইংলাককে গ্রেপ্তারের জন্য পুলিশের প্রতি আহ্বান জানান সুথেপ। তাঁর দাবি, ইংলাককে পদত্যাগ করে একটি গণপরিষদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এ ছাড়া সুষ্ঠু নির্বাচন হবে না।
লাল শার্ট নামে পরিচিত দ্য ইউনাইটেড ফ্রন্ট ফর ডেমোক্রেসি এগেইনস্ট ডিক্টেটরশিপের (ইউডিডি) নেতা জতুপর্ন প্রমথান বলেছেন, সরকারকে রক্ষায় ইউডিডি রাজপথে নামবে। এটা লাল শার্টের দায়িত্বের মধ্যে পড়ে। যাঁরা গণতন্ত্রকে ভালোবাসেন এবং সুথেপের কর্মপদ্ধতির সঙ্গে একমত পোষণ করেন না, তাঁদের ঐক্যবদ্ধ করা ইউডিডির নৈতিক দায়িত্ব। প্রমথান বলেন, সুথেপ যত লোক জড়ো করেছেন, লাল শার্টের ডাকে এর চেয়ে অনেক বেশি মানুষ রাস্তায় নামবে।
২০১০ সালের রক্তাক্ত বিক্ষোভের পর থাইল্যান্ডের চলমান আন্দোলন সবচেয়ে বড় সরকারবিরোধী গণ-আন্দোলন। চারজন নিহত হওয়া ছাড়া এই আন্দোলন মোটামুটি শান্তিপূর্ণ পথেই চলছে। তবে সরকারপন্থীরা মাঠে নামলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। ইউডিডির শীর্ষ নেতা থিডা থাওয়ার্নসেথ হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সুথেপের মাথায় রাখা উচিত, লাখো মানুষ আছেন, যাঁরা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা ও তাঁর পরিবারকে ভালোবাসেন। সুথেপ বলেছেন, ‘ইংলাক থাইল্যান্ডের এমন কোথাও যেতে পারবেন না, যেখানে তাঁকে অসম্মানিত হতে হবে না। তাহলে সুথেপের কী অবস্থা হবে? আমি বলি, তাঁরই বরং এমন পরিস্থিতিতে পড়ার আশঙ্কা রয়েছে।’
ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে বিক্ষোভের মুখে ২০০৬ সালে ইংলাকের ভাই থাকসিন সিনাওয়াত্রাকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। ২০১০ সালের এপ্রিল থেকে মে পর্যন্ত রাজধানী ব্যাংকক অবরোধ করে রাখে থাকসিনের সমর্থক লাল শার্টরা। পরে সেনাবাহিনীর অভিযানের মধ্য দিয়ে ওই রক্তক্ষয়ী বিক্ষোভ শেষ হয়।
কৃষকদের হুঁশিয়ারি: থাইল্যান্ডের ২৬টি প্রদেশের সড়ক অবরোধের হুমকি দিয়েছেন দেশটির কৃষকেরা। সরকারের একটি প্রকল্পের আওতায় এই কৃষকদের কাছ থেকে ধান কেনার পর মূল্য পরিশোধ করা হয়নি। এ জন্য ইংলাককে দায়ী করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে আন্দোলনে নামার এই হুঁশিয়ারি দিয়েছেন কৃষকেরা। এএফপি ও রয়টার্স।