ইংলাকের বাড়ির সামনে বিক্ষোভ, ব্যাংকক অচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে উৎখাতের লক্ষ্যে হাজার হাজার সরকারবিরোধী গতকাল রোববার রাজধানী ব্যাংককে বিক্ষোভ শুরু করেছেন। এতে শহরটির কেন্দ্রস্থল কার্যত অচল হয়ে পড়েছে। প্রধান বিরোধী দল আসন্ন নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়ার এক দিন পর গতকাল ব্যাংককে বড় ধরনের বিক্ষোভ সমাবেশ করেছে।
কয়েক হাজার বিক্ষোভকারী কড়া নিরাপত্তার মধ্যেই ব্যাংককে প্রধানমন্ত্রী ইংলাকের বাসভবনের বাইরে অবস্থান নিয়েছেন। বিক্ষোভকারীদের বেশির ভাগই নারী। অবশ্য ইংলাক ওই বাড়িতে নেই। তিনি দেশের উত্তর-পূর্বাঞ্চল সফরে রয়েছেন।
টেলিভিশন ফুটেজে দেখা যায়, বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দরজায় ধাক্কাধাক্কি করছেন। বিক্ষোভের নেতারা তাঁদের শান্ত করার চেষ্টা করছেন। বাঁশি বাজিয়ে এবং জাতীয় পতাকা উড়িয়ে বিক্ষোভকারীরা ‘ইংলাক বিদায় নাও’ বলে স্লোগান দিতে থাকেন। এ সময় বাসভবনের দরজাগুলোর পেছনের দিকে কয়েক ডজন নিরস্ত্র পুলিশসদস্যকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
চলতি মাসের শুরুর দিকে থাইল্যান্ডের পার্লামেন্ট থেকে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির সদস্যরা পদত্যাগ করলে প্রধানমন্ত্রী ইংলাক পার্লামেন্ট বিলুপ্ত করতে বাধ্য হন। বর্তমানে তিনি দেশের উত্তর-পূর্বাঞ্চল সফরে রয়েছেন। তাঁর ক্ষমতাসীন দল পুইয়ে থাই পার্টির শক্ত ঘাঁটি এই এলাকা।
সেন্টার ফর অ্যাডমিনিস্ট্রেশন অব পিস অ্যান্ড অর্ডার জানায়, রোববার সন্ধ্যার মধ্যে ব্যাংককের রাস্তায় অন্তত ৫০ হাজার বিক্ষোভকারী অবস্থান নেন। এসব বিক্ষোভকারীর লক্ষ্য হচ্ছে থাইল্যান্ড থেকে ইংলাক ও তাঁর দুবাইভিত্তিক ভাই সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার প্রভাব মুছে ফেলা। বিক্ষোভকারীদের সমর্থনের ভিত্তি হচ্ছে দেশের দক্ষিণাঞ্চলীয় দরিদ্র জনগোষ্ঠী এবং ব্যাংককের মধ্যবিত্ত ও অভিজাত ব্যক্তিরা, যাঁরা থাকসিনকে ঘৃণার চোখে দেখে থাকেন।
বিক্ষোভকারী জুটিগান চিটচাম (২৮) বলেন, ‘গণতন্ত্রের অর্থ হলো, জনগণ ইংলাককে নির্বাচিত করল...আবার এখন জনগণই তাঁকে বিতাড়িত করছে।’
ইংলাক পার্লামেন্ট ভেঙে দিয়ে আগামী ২ ফেব্রুয়ারি আগাম নির্বাচনের ঘোষণা দিলেও তা প্রত্যাখ্যান করে আন্দোলনকারীদের নেতা সুথেপ থাগসুবান। থাইল্যান্ডে ‘থাকসিনের রাজত্ব’ গুঁড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা সুথেপ বলছেন, নির্বাচন হলে তা কেবল আরেকটি থাকসিনপন্থী সরকারকে ক্ষমতায় বসাবে। নির্বাচনের পরিবর্তে একটি অনির্বাচিত ‘পিপলস কাউন্সিল’ গঠনের দাবি জানিয়েছে স্বঘোষিত পিপলস ডেমোক্রেটিক রিফর্ম কমিটি। তাদের দাবি অনুসারে, কাউন্সিল এক বছর থেকে ১৮ মাস পর্যন্ত সময় নিয়ে দেশে সংস্কারকাজ বাস্তবায়ন করবে। তারপর নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিক্ষোভকারীদের নেতা সুথেপের আন্দোলনের দাবিকে গত শনিবার সমর্থন জানিয়ে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। এতে করে আন্দোলন আরও গতি পেয়েছে। এএফপি।