ইংল্যান্ডে কুকুরের শরীরে মাইক্রোচিপ লাগানো ‘বাধ্যতামূলক’ হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ডে কুকুরের শরীরে শনাক্তকারী মাইক্রোচিপ বসানো ‘বাধ্যতামূলক’ হচ্ছে। হিংস্র কুকুর শনাক্ত করা, পোষা কুকুরের সঠিক দেখভাল নিশ্চিত ও কুকুরের প্রকৃত মালিককে সহজে শনাক্ত করার জন্য এ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজ সোমবার এ-সংক্রান্ত একটি ঘোষণা দেওয়া হবে। যুক্তরাজ্যের নর্দান আয়ারল্যান্ডে গত মাসে কুকুরের শরীরে মাইক্রোচিপ লাগানোর আইন হয়েছে। ওয়েলস চলতি বছরের শেষের দিকে এমন একটি আইন করার কথা বিবেচনা করছে। কুকুরের মালিকদের নিজ খরচে তাঁদের পোষা প্রাণীটির শরীরে চিপ বসাতে হবে। ওই চিপে কুকুর ও এর মালিকের বিস্তারিত তথ্য থাকবে। এ সম্পর্কিত কেন্দ্রীয় তথ্য ভান্ডার থাকবে পুলিশ ও দ্য রয়্যাল সোসাইটি ফর প্রিভেনশন অ্যান্ড ক্রোয়েলিটি টু অ্যানিমেল নামের একটি দাতব্য সংস্থার নিয়ন্ত্রণে। দেশটিতে পশু অধিকার নিয়ে কাজ করার বিভিন্ন সংগঠন সরকারের এই পরিকল্পনাকে সমর্থন দিয়েছে। সংগঠনগুলোর মতে, এই চিপ বসানোর ফলে বেওয়ারিশ কুকুরের হার কমে যাবে ও এগুলোর সেবা নিশ্চিত করা সম্ভব হবে। পরিবেশ ও খাদ্য বিভাগের একজন মুখপাত্র বলেন, ‘কুকুরের দায়িত্বজ্ঞানহীন মালিকদের কারণে সৃষ্ট সমস্যা সমাধানের জন্য আমরা খুব শিগগিরই ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেব।’