ইইউ চায় দ্রুত বিচ্ছেদ, আবার গণভোট দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইইউ থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে মত দিয়েছেন যুক্তরাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষ। এর প্রতিবাদে গতকাল মধ্য লন্ডনে বিক্ষোভ করেন ইইউতে থেকে যাওয়ার পক্ষের লোকজন l ছবি: এএফপি
ইইউ থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে মত দিয়েছেন যুক্তরাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষ। এর প্রতিবাদে গতকাল মধ্য লন্ডনে বিক্ষোভ করেন ইইউতে থেকে যাওয়ার পক্ষের লোকজন l ছবি: এএফপি

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার পক্ষে গণভোটের রায়ে নাখোশ দেশটির মানুষের একটি বড় অংশ। তারা চায়, আবার গণভোটের আয়োজন করা হোক। এ দাবিতে তারা প্রচারেও নেমেছে। এরই মধ্যে ২০ লাখের বেশি মানুষের স্বাক্ষর জোগাড় করে ফেলেছে তারা।
কিন্তু ইইউ মনে করছে, যুক্তরাজ্য যত দ্রুত জোট ছাড়ে, ততই মঙ্গল। এ জন্য জোটের পক্ষ থেকে যুক্তরাজ্যকে বলা হয়েছে বিচ্ছেদের প্রক্রিয়া দ্রুত শুরু করতে। জোটের প্রতিষ্ঠাতা দেশগুলোর মন্ত্রীরা নিজেদের করণীয় ঠিক করতে গতকাল বার্লিনে জরুরি বৈঠকে বসেন।
যুক্তরাজ্যের সঙ্গে আলোচনার জন্য গতকালই একটি বিশেষ টাস্কফোর্স গঠন করেছেন ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক। এ টাস্কফোর্সের প্রধান করা হয়েছে দিদিয়ের সিউস নামে বেলজিয়ামের একজন কূটনীতিককে।

ইইউ ছাড়ছে যুক্তরাজ্য
ইইউ ছাড়ছে যুক্তরাজ্য

গণভোটের রায়ে সামগ্রিকভাবে যুক্তরাজ্যের ইইউ ছাড়ার পক্ষে বেশি ভোট পড়লেও দেশটির লন্ডন, স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ড এলাকায় ইইউর সদস্যপদ বহাল রাখার পক্ষেই বেশি মানুষ ভোট দিয়েছেন। আর ইইউ থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে মত দিয়েছেন ইংল্যান্ড ও ওয়েলসের ভোটাররা। অঞ্চলভেদে ভোটারদের মতপার্থক্যের বিষয়টি আলোচনায় এনে আবার গণভোট আয়োজনের দাবিতে যুক্তরাজ্যে গণস্বাক্ষর অভিযান শুরু হয়েছে। লন্ডন ও দেশের অন্যান্য অংশে বিক্ষোভও করছে কিছু মানুষ। ইতিমধ্যে ২০ লাখ লোক নতুন করে গণভোটের দাবির পক্ষে স্বাক্ষর করেছেন। সাধারণত কোনো আবেদনে এক লাখ মানুষ স্বাক্ষর করলেই তা নিয়ে পার্লামেন্টে আলোচনার বিষয়টি বিবেচনা করা হয়।
এ ছাড়া বহু লোকের স্বাক্ষর-সংবলিত একটি দাবি পাঠানো হয়েছে লন্ডনের মেয়র সাদিক খানের কাছে। এতে দাবি জানানো হয়েছে, তিনি যেন লন্ডনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে ইইউর সঙ্গে যুক্ত থাকার পদক্ষেপ নেন। কেননা, লন্ডনের ৬২ শতাংশ মানুষ ইইউতে থাকার পক্ষে ভোট দিয়েছেন। গতকাল সকাল পর্যন্ত এ আবেদনে স্বাক্ষরদাতার সংখ্যা এক লাখ ছাড়িয়ে যায়।
স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জেন ইইউতে স্কটল্যান্ডের অবস্থান ‘সুরক্ষিত রাখার লক্ষ্যে’ ব্রাসেলসের সঙ্গে ‘অবিলম্বে আলোচনা’ শুরু করতে চান। স্কটিশ মন্ত্রিসভার এক বৈঠকের পর তিনি এডিনবরায় নিজ বাসবভনে সাংবাদিকদের এ কথা বলেছেন। তিনি আরও বলেন, যুক্তরাজ্য থেকে বেরিয়ে স্কটল্যান্ডের স্বাধীনতার লক্ষ্যে একটি নতুন গণভোট আয়োজনের সম্ভাবনাও জোরালো।
সংখ্যাগরিষ্ঠ ব্রিটিশ নাগরিক ইইউর সঙ্গে বিচ্ছেদের পক্ষে রায় দেওয়ার পর গতকাল নিজেদের করণীয় ঠিক করতে জার্মানির রাজধানী বার্লিনে বৈঠকে বসেন ইইউর প্রতিষ্ঠাতা সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। বৈঠকের পর জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমায়ার এক বিবৃতিতে বলেন, লন্ডনকে এখন ‘যত শিগগির সম্ভব’ ইইউ ছাড়ার প্রক্রিয়া শুরু করতে হবে।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-মার্ক অ্যাঁরো বলেছেন, পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী যাতে ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে আসার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে পারেন, তার ব্যবস্থা ডেভিড ক্যামেরনকেই করে যেতে হবে। ডেভিড ক্যামেরন আগামী অক্টোবরের মধ্যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন।
জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল গণভোটের ফলাফলকে ইউরোপে ও তার ঐক্যের জন্য একটি ‘আঘাত’ আখ্যা দিয়েছেন। তবে যুক্তরাজ্যের বিদায় নিয়ে তাড়াহুড়ার পক্ষে নন তিনি। বলেছেন, এ নিয়ে আলোচনাটা যেন সুষ্ঠু পরিবেশে সৌহার্দ্যপূর্ণ হয়।
ম্যার্কেল জানিয়েছেন, ফ্রান্স ও ইতালির নেতাদের নিয়ে ইইউর প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্কের উপস্থিতিতে বার্লিনে আগামীকাল সোমবার একটি বৈঠকের আয়োজন করেছেন তিনি। এতে ইইউর সংস্কার পরিকল্পনা নিয়ে আলোচনা হবে।
ইউরোপীয় জোটের ছয় দশকের ঐক্যে ভাঙন সৃষ্টি হওয়ায় স্পষ্টত ইইউর নেতারা উদ্বিগ্ন। তবে এখন তাঁরা নতুন উদ্যমে জোটকে এগিয়ে নিতে চান। ইউরোপিয়ান কমিশনের প্রধান জ্যঁ-ক্লদ ইয়ুঙ্কার বলেছেন, যুক্তরাজ্য জোটে থাকবে বলেই ইইউ ভেবেছিল। তবে গণভোটের পর এখন বিচ্ছেদ প্রক্রিয়া যতটা সম্ভব ত্বরান্বিত ও নির্ঝঞ্ঝাট করাটাই গুরুত্বপূর্ণ। এটা বন্ধুত্বপূর্ণ বিচ্ছেদ নয়। আর এটা কোনো অন্তরঙ্গ ভালোবাসার বন্ধনও ছিল না।
ইউরোপিয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট মার্টিন শুল্ৎজ বলেন, দায়িত্ব ছেড়ে দেওয়ার আগে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের অক্টোবর পর্যন্ত অপেক্ষা করাটা ‘মানহানিকর’। এ কাজের মাধ্যমে তিনি ‘গোটা মহাদেশকে জিম্মি’ করছেন।
এ অবস্থার মধ্যে গতকাল পদত্যাগ করেছেন ইউরোপিয়ান কমিশনে নিযুক্ত ব্রিটেনের প্রতিনিধি জোনাথান হিল। তিনি ব্রাসেলসে ইইউর নির্বাহী পরিষদে ফিনান্সিয়্যাল সার্ভিসেস কমিশনার পদে যুক্তরাজ্যের প্রতিনিধি ছিলেন। তিনি বলেন, ‘হতাশা নিয়েই আমি পদত্যাগ করছি। বিশ্বে আমাদের অবস্থান এবং আমাদের অর্থনীতির স্বার্থেই ইইউতে যুক্তরাজ্যের সদস্যপদ থাকাটা ভালো ছিল।’

আরও পড়ুন: