ইইউ চুক্তি যুক্তরাজ্যকে বিশেষ মর্যাদা দিয়েছে: ক্যামেরন

ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, জোটের সংস্কার নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সম্পাদিত চুক্তি যুক্তরাজ্যকে বিশেষ মর্যাদা দিয়েছে। তিনি ইইউর সঙ্গে যুক্তরাজ্যের ঐক্য বজায় রাখতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাবেন।
আজ শনিবার বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, ব্রাসেলসে দুই দিন ধরে আলোচনার পর গতকাল শুক্রবার রাতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সংস্কার নিয়ে যুক্তরাজ্যের চুক্তি হয়। চুক্তিতে জোটে বেশ কিছু সংস্কার আনা হয়েছে। আজ শনিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে দেশটির মন্ত্রিসভায় এটি উপস্থাপন করা হবে। তবে সমালোচকেরা বলছেন, এই ‘ফাঁপা’ চুক্তিতে সামান্য কিছু পরিবর্তন আসতে পারে।
ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক গতকাল সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় বলেন, চুক্তি অনুসারে ইইউ জোটে বেশ কিছু সংস্কার আসছে।
নতুন চুক্তিতে ইইউ দেশগুলোর অভিবাসী শিশুদের সুযোগ-সুবিধা কমানো হয়েছে। এটি ২০২০ সাল থেকে কার্যকর হবে। এ ছাড়া অভিবাসী শ্রমিকদের সুযোগ-সুবিধাও কমানো হয়েছে।
জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল বলছেন, এসব সংস্কার ইইউতে যুক্তরাজ্যকে রাখার জন্যই।
তবে টাস্ক বলছেন, এটি যুক্তরাজ্যকে বিশেষ মর্যাদা দিয়েছে। ইইউ কমিশনের প্রেসিডেন্ট জাঁ-ক্লদ জাঙ্কারও এটি নিরপেক্ষ ও সুষ্ঠু বলে অভিহিত করেছেন। টাস্ক বলেন, ঐক্য রক্ষার জন্য ইইউভুক্ত দেশগুলো কিছু না কিছু ছাড় দিয়েছে। তিনি বিশ্বাস করেন, যুক্তরাজ্যের ইইউকে প্রয়োজন। ইইউর প্রয়োজন যুক্তরাজ্যকে। তবে শেষ সিদ্ধান্ত যুক্তরাজ্যবাসীদের হাতেই।
যুক্তরাজ্য ২৮ দেশের এই জোটে এমন সব সংস্কার চায়, যা লন্ডনকে কিছু ক্ষমতা ফিরিয়ে দেবে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে ইইউ দেশগুলোর অভিবাসীদের আর্থিক ভাতাসহ সুযোগ-সুবিধা কর্তন, ইইউর আরোপিত আইন না গ্রহণের স্বাধীনতা, অর্থনৈতিক জোটের বাইরের দেশগুলোর (অ-ইউরো) মুদ্রাকেও স্বীকৃতি দেওয়া ইত্যাদি। এসব সংস্কারের প্রস্তাব হাতে নিয়ে ব্রাসেলসে গেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এসব বিষয়ে মতৈক্য হলে ক্যামেরন যুক্তরাজ্যবাসীকে গণভোটে ইইউতে থেকে যাওয়ার পক্ষ নিতে বলবেন।