ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ত্যাগ করলে যুক্তরাজ্যের অর্থনীতি ঝুঁকির মুখে পড়তে পারে। এর ফলে দেশটির কর্মসংস্থানও কমে যেতে পারে। যুক্তরাজ্যের বৃহৎ বেশ কয়েকটি শিল্পপ্রতিষ্ঠানের প্রধান এই হুঁশিয়ারি দিয়েছেন। খবর বিবিসির।
যুক্তরাজ্যের সম্ভাব্য ইইউ ত্যাগ বা ‘ব্রেক্সিট’ কার্যকর হলে ব্রিটিশ অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা ব্যক্ত করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে বিটি, কিংফিশার, মার্কস অ্যান্ড স্পেনসার এবং ভোডাফোন। গতকাল টাইমস পত্রিকায় প্রকাশিত খোলা চিঠিতে এই শঙ্কার কথা তুলে ধরে প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে বলা হয়, ইইউ থেকে বিদায় নিলে যুক্তরাজ্যের বিনিয়োগ খাতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। লন্ডন স্টক এক্সচেঞ্জের শীর্ষ ১০০ প্রতিষ্ঠান বা এফটিএসইর ৩৬টি প্রতিষ্ঠানের প্রধান এই চিঠিতে স্বাক্ষর করেন। তবে এতে টেসকো বা সেইন্সবারির মতো বড় সুপার মার্কেট কর্তৃপক্ষ স্বাক্ষর করেনি। চিঠিতে মোট স্বাক্ষরকারী প্রতিষ্ঠানের সংখ্যা ১৯৮।
ইইউতে যুক্তরাজ্যের থাকা বা না থাকা নিয়ে আগামী ২৩ জুন গণভোট অনুষ্ঠিত হবে।
শীর্ষ ব্যবসায়ীদের চিঠিতে বলা হয়, ‘আমরা অন্তত ১০ লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করি। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের মতো আমরাও বিশ্বাস করি, একটি পুনর্গঠিত ইইউয়ে থাকা যুক্তরাজ্যের জন্য অনেক ভালো। ইইউয়ের নানা আইনি বিধিনিষেধের ভার কমানো হবে, এমন প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী পেয়েছেন।’
গত সোমবার পার্লামেন্টে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, তিনি ইইউয়ে থেকে যাওয়ার পক্ষে দেশব্যাপী প্রচার চালাবেন। তাঁর যুক্তি, সদ্য প্রতিষ্ঠিত মতৈক্যে ইউরোপের ২৮টি দেশের এই জোটে যুক্তরাজ্যকে ‘বিশেষ মর্যাদা’ দেওয়া হয়েছে। কিন্তু নিজের কনজারভেটিভ পার্টির ভেতর থেকেই ক্যামেরন বড় চ্যালেঞ্জের মুখে রয়েছেন।