ইইউ থেকে আসা বাংলাদেশিরা গণভোট নিয়ে শঙ্কিত
ভাগ্যবদলের আশায় চট্টগ্রামের জামশেদ শাহরিয়ার ১৯৯৬ সালে পাড়ি জমান ফ্রান্সে। নাগরিকত্ব লাভের সুবিধার কথা বিবেচনা করে সেখান থেকে চলে যান সেনজেনভুক্ত দেশ (ইউরোপীয় ইউনিয়নের সীমান্তমুক্ত রাষ্ট্র জোটের সদস্য) পর্তুগালে। পর্তুগালের নাগরিকত্ব তিনি পেয়েছেন বেশ ক বছর আগেই। কিন্তু উন্নত জীবনমান আর ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে বসতি গড়েছেন যুক্তরাজ্যে। দুই বছর ধরে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বসবাস করা জামশেদ শাহরিয়ার সম্প্রতি বাংলাদেশ থেকে দুই সন্তান এবং স্ত্রীকেও এনেছেন। কিন্তু যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বের হয়ে গেলে তাঁর কী হবে—এটা ভেবে তিনি শঙ্কিত।
ইইউর সদস্যপদ রাখা না-রাখা নিয়ে আগামী বৃহস্পতিবার যুক্তরাজ্যে গণভোট হবে। মূলত ইইউভুক্ত দেশের নাগরিকদের অবাধে যুক্তরাজ্যে প্রবেশ এবং এর ফলে দেশটিতে অভিবাসন বৃদ্ধির জের ধরে সৃষ্ট বিতর্কের ফলে এই গণভোটের আয়োজন। দেশটির প্রধান প্রধান রাজনীতিক ও শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা ইইউতে থাকার পক্ষে প্রচারে নামলেও শেষ পর্যন্ত ফলাফল কোন দিকে যায়, তা আঁচ করতে পারছেন না কেউ। তাই ইইউভুক্ত দেশ থেকে আসা অনেকেই আছেন দুশ্চিন্তায়।
পর্তুগাল থেকে আসা আরেক বাংলাদেশি শওকত ফারুক প্রথম আলোকে বলেন, ‘সুযোগ ছিল বলে ভালো থাকার কথা চিন্তা করে এখানে এসেছি। কিন্তু পরিস্থিতি এমন হবে সেটা জানতাম না।’
যুক্তরাজ্যে ইতালিয়ান বাংলাদেশি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রেজাউল করিম মৃধা প্রথম আলোকে বলেন, নিজস্ব সাংস্কৃতিক চর্চা, সন্তানদের ধর্মীয় শিক্ষা, ইংরেজি ভাষা শেখানোসহ উন্নত জীবনমানের কথা বিবেচনা করে অনেকে যুক্তরাজ্যে এসেছেন। কিন্তু গণভোটের বিষয়টি তাঁদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে।
শুধু বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তিরা নন, ইইউভুক্ত দেশের অন্য নাগরিকেরা এই গণভোট নিয়ে একই রকম আশঙ্কায় ভুগছেন। যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান কার্যালয়ের তথ্য অনুযায়ী, প্রায় ৩০ লাখ ইইউভুক্ত নাগরিক বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করছেন। কিন্তু এঁদের মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিকের সংখ্যা কত তার সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান নেই। ধারণা করা হয়, ইইউভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশি এসেছেন ইতালি থেকে; যার সংখ্যা হবে ১২ থেকে ১৫ হাজার। এ ছাড়া ফ্রান্স, পর্তুগাল, স্পেন থেকে উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক ব্রিটেনে এসেছেন।
ইইউভুক্ত নাগরিকেরা যুক্তরাজ্যে আবাসন, চিকিৎসা, বেকার ভাতাসহ বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা ভোগ করলেও এঁদের যুক্তরাজ্যে ভোটাধিকার নেই। ফলে গণভোটে তাঁরা মতামত দিতে পারছেন না। তবে তাঁদের সবার চাওয়া, যুক্তরাজ্য যেন ইইউর সঙ্গে থেকে যায়।
তবে যেসব ইইউ নাগরিক ইতিমধ্যে যুক্তরাজ্যে বসবাস করছেন, তাঁদের ভয়ের কিছু নেই বলে জানিয়েছেন ইইউ বিরোধী প্রচারকেরা। তাঁরা বলছেন, প্রায় ২০ লাখ ব্রিটিশ নাগরিক ইইউভুক্ত দেশগুলোতে বসবাস করছেন। ফলে যুক্তরাজ্য ইইউ থেকে বের হয়ে গেলে গণহারে অভিবাসী আদান-প্রদানের মতো কিছু ঘটবে না। আবার আন্তর্জাতিক আইন ও ইইউভুক্ত দেশগুলোর মধ্যে সম্পাদিত চুক্তির ফলেও অভিবাসীদের গণবিতাড়নের সুযোগ নেই। তবে যুক্তরাজ্য ইইউ ত্যাগ করলে নতুন যাঁরা যুক্তরাজ্যে আসতে চাইবেন, তাঁদের ক্ষেত্রে ভিসার শর্ত আরোপ হবে।
ইইউভুক্ত দেশের নাগরিকেরা বৈধভাবে পাঁচ বছর থাকার পর যুক্তরাজ্যে স্থায়ী হওয়ার আবেদন করতে পারেন। কিন্তু বছরের পর বছর ধরে অনেকে যুক্তরাজ্যে থাকলেও এত দিন সেই প্রয়োজনবোধ করেননি। তবে গণভোট সামনে রেখে ইইউ অভিবাসীদের ব্রিটিশ নাগরিকত্বের জন্য আবেদন আকস্মিকভাবে বেড়ে গেছে বলে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়।