ইইউ নাগরিকদের স্থায়ী বসবাসের সুযোগ দেবে যুক্তরাজ্য
ব্রেক্সিট কার্যকর (ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদ) হলেও যুক্তরাজ্যে অবস্থানরত ইইউভুক্ত দেশের নাগরিকেরা দেশটিতে স্থায়ী বসবাসের সুযোগ পাবেন। গতকাল বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইইউ নেতাদের সম্মেলনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে এমন প্রতিশ্রুতি দেন।
ব্রাসেলসে থেরেসা মে বলেন, যেসব ইইউ নাগরিক পাঁচ বছর বা তার বেশি সময় ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন, তাঁরা স্থায়ী বসবাসের সুযোগ পাবেন। ব্রিটিশ নাগরিকদের মতোই তাঁরা শিক্ষা, চিকিৎসা, আবাসনসহ বিদ্যমান সরকারি কল্যাণসুবিধা ভোগ করতে পারবেন। আর যাঁরা পাঁচ বছরের কম সময় ধরে বসবাস করছেন, তাঁদেরও যুক্তরাজ্য ছাড়তে হবে না। তাঁরা যাতে বৈধভাবে পাঁচ বছর পূর্ণ করে স্থায়ী বসবাসের আবেদন করতে পারেন, সেই সুযোগও দেওয়া হবে।
ধারণা করা যায়, ব্রেক্সিট কার্যকর হওয়ার পর পাঁচ বছরের কম থাকা এসব নাগরিকের অভিবাসন আইন মেনে ভিসা নিয়ে থাকতে হবে। ঠিক কোন দিন পর্যন্ত (কাট আব তারিখ) উল্লিখিত পাঁচ বছর হিসাব করা হবে, সে বিষয়টিও নির্দিষ্ট করা হয়নি।
২০১৯ সালের ৩০ মার্চ ইইউর সঙ্গে যুক্তরাজ্যের বিচ্ছেদ ঘটবে। প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছেন, ইইউ নাগরিকদের অধিকার প্রশ্নে বিস্তারিত প্রস্তাব সোমবার সংসদে তুলে ধরা হবে।
যুক্তরাজ্যের বিরোধী দলগুলো শুরু থেকেই ইইউ নাগরিকদের স্থায়ী বসবাসের নিশ্চয়তা দেওয়ার আহ্বান জানিয়ে আসছে। কিন্তু মে এত দিন তাতে সায় দেননি। বলেছিলেন, ইইউর সঙ্গে বিচ্ছেদ সমঝোতার ওপর এসব মানুষের ভবিষ্যৎ নির্ভর করবে। কিন্তু ৮ জুন অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা হারানোর ফলে ব্রেক্সিট প্রশ্নে মের অবস্থান দুর্বল হয়ে পড়ে। এই নির্বাচনের পর ব্রাসেলসের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত প্রথম বৈঠকে এমন ঘোষণা তাঁর সেই দুর্বলতারই ইঙ্গিত।
২০১৬ সালের ২৩ জুন অনুষ্ঠিত এক গণভোটে যুক্তরাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষ ইইউর সঙ্গে বিচ্ছেদের পক্ষে রায় দেয়। সেই থেকে যুক্তরাজ্যে বসবাসরত ইইউভুক্ত দেশের নাগরিক এবং ইইউভুক্ত দেশগুলোতে বসবাসরত যুক্তরাজ্যের নাগরিকদের ভবিষ্যৎ কী হবে, তা প্রশ্ন হয়ে ওঠে। বিবিসির দেওয়া তথ্য অনুযায়ী, ইইউভুক্ত বাকি ২৭টি দেশের ৩২ লাখ মানুষ যুক্তরাজ্যে বসবাস করছে। আর ১২ লাখ ব্রিটিশ নাগরিক আছেন ওই দেশগুলোতে।
থেরেসা মে বলেন, ব্রেক্সিট কার্যকর হওয়ামাত্রই ইইউ নাগরিকদের যুক্তরাজ্য ছাড়তে হবে—এমন কিছু ঘটবে না। তবে ইইউতে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের বিষয়ে অপর পক্ষ কী সিদ্ধান্ত দেয়, তার ওপর নির্ভর করবে এই প্রতিশ্রুতি।
জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল মের এই প্রতিশ্রুতিকে ‘ভালো সূচনা’ বলে মন্তব্য করেছেন।
তবে যুক্তরাজ্যের বিরোধী দল লেবার ও লিবারেল ডেমোক্র্যাটস মের প্রতিশ্রুতিকে ‘অনেক দেরিতে অনেক সামান্য কিছু’ বলে মন্তব্য করেছে। দল দুটি চায় ইইউর সব নাগরিককে শর্তহীনভাবে যুক্তরাজ্যে স্থায়ী বাসের অনুমতি দিতে।
১৯ জুন যুক্তরাজ্য ও ইইউ বিচ্ছেদের আনুষ্ঠানিক আলোচনা শুরু করে। যুক্তরাজ্য চেয়েছিল বিচ্ছেদের আলোচনার পাশাপাশি ব্রেক্সিট-পরবর্তী সময়ে দুই পক্ষের নতুন বাণিজ্যিক সম্পর্ক কী হবে, তা ঠিক করে নিতে। কিন্তু ইইউর পক্ষে প্রধান সমঝোতাকারী মিশেল বার্নিয়ে স্পষ্ট জানিয়ে দেন, নাগরিকদের ভবিষ্যৎ, দেনা-পাওনা এবং আলোচনার রূপরেখার বিষয়টি সুরাহা হলে কেবল নতুন সম্পর্কের বিষয়টি আসতে পারে। তিনটি শর্তই যুক্তরাজ্য মেনে নিয়েছে।
বিবিসির ইভান ডেভিস বলেন, ব্রাসেলসের অনেকেই এখনো মনে করছেন যে যুক্তরাজ্য মত পাল্টে ইইউর সঙ্গে থেকে যাবে। আলোচনার ভবিষ্যৎ নিয়েও তারা সন্দিহান। কারণ, একক সংখ্যাগরিষ্ঠতা হারানোর ফলে থেরেসা মে কদিন ক্ষমতায় থাকেন, তার কোনো নিশ্চয়তা নেই। একই কারণে ব্রেক্সিট প্রশ্নে যুক্তরাজ্যের অবস্থান বোঝাও মুশকিল হয়ে পড়েছে। তাদের ধারণা, মে হয়তো আধা পথে বিদায় নেবেন, তখন নতুন কারও সঙ্গে তাদের আলোচনায় বসতে হবে।