ইইউ প্রশ্নে গণভোট: যুক্তরাজ্যের ক্ষমতাসীনেরা বিভক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) থাকা না-থাকা নিয়ে যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ দলে ফাটল ধরেছে।

ইইউর পক্ষে-বিপক্ষে নানা বিশ্লেষণ তুলে ধরে সরকারের মন্ত্রীরা একে অপরের দিকে যুক্তির তির ছুড়ছেন।

ইইউর সঙ্গে যুক্তরাজ্যের সম্পাদিত চুক্তির আইনি ভিত্তি নিয়ে বিচারবিষয়ক মন্ত্রী মাইকেল গোভের সঙ্গে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের ইতিমধ্যে একচোট পাল্টাপাল্টি হয়ে গেছে।

গত নির্বাচনের আগে ক্যামেরন ইইউ প্রশ্নে গণভোট আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, তার আগে তিনি ইইউর সঙ্গে সদস্য চুক্তি সংশোধনের চেষ্টা করবেন। আর তাতে সফল হলে ইইউতে থেকে যাওয়ার পক্ষে প্রচার চালাবেন।

গত ১৮ ফেব্রুয়ারি সেই প্রতিশ্রুত চুক্তি সংশোধনে নিজেকে সফল দাবি করে ক্যামেরন বলেন, তিনি চান যুক্তরাজ্য ইইউর সঙ্গেই থাকুক।

ইইউ প্রশ্নে আগামী ২৩ জুন গণভোট অনুষ্ঠিত হবে। ক্যামেরনের ঘনিষ্ঠ বন্ধু বলে পরিচিত বিচারবিষয়ক মন্ত্রী মাইকেল গোভ গত বুধবার অভিযোগ করেছেন, ক্যামেরনের সম্পাদিত চুক্তির আইনি কোনো ভিত্তি নেই। এটি ইইউ ট্রিয়েটিতে যুক্ত হয়নি। এ কারণে লুক্সেমবার্গে অবস্থিত ‘ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিস’ এ চুক্তি মানতে বাধ্য নয়।

গোভ বলেন, প্রধানমন্ত্রী চুক্তিতে যেসব অর্জনের কথা বলছেন, তা কেবল কথার কথা।

বিচারবিষয়ক মন্ত্রীর এমন আক্রমণের সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী ক্যামেরন সরকারি আইনি পরামর্শকদের ডেকে বৈঠক করেন। তিনি এক বিবৃতিতে দাবি করেন, ইইউর সঙ্গে সম্পাদিত চুক্তি অন্য যেকোনো আন্তর্জাতিক চুক্তির মতো। ফলে ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিসের এটা বিবেচনায় না নেওয়ার কোনো কারণ নেই।

পাল্টা জবাবে গোভ বলেন, ২৮ দেশের মাথার ওপরে ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিসের অবস্থান। বৈধ-অবৈধ বিবেচনার চূড়ান্ত ক্ষমতা এই আদালতকেই দেওয়া আছে।

সাবেক অ্যাটর্নি জেনারেল ডোমিনিট গ্রিভকে ২০১৪ সালে ক্যামেরন চাকরি থেকে ছাঁটাই করেছিলেন। সেই গ্রিভ ক্যামেরনের পক্ষে অবস্থান নিয়েছেন। অন্যদিকে কনজারভেটিভ দলের সাবেক প্রধান মাইকেল হাওয়ার্ড ইইউবিরোধী গোভের পক্ষে অবস্থান নিয়েছেন। এতে এই বিতর্ক আরও তীব্র হয়েছে।

চলমান বিতর্কে বিরোধী দল লেবার পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি ও স্কটিশ ন্যাশনাল পার্টির অবস্থান ইইউর পক্ষে। তবে ক্ষমতাসীন কনজারভেটিভ দল দলীয়ভাবে কোনো অবস্থান নেয়নি।

প্রধানমন্ত্রী ক্যামেরন গত বুধবার লন্ডনে কনজারভেটিভ সমর্থকদের নিয়ে আনুষ্ঠানিকভাবে ইইউর পক্ষে প্রচার শুরু করেন।

কনজারভেটিভ দলের ৩৩০ জন এমপির মধ্যে ইতিমধ্যে ১৬৫ জন ক্যামেরনের পক্ষে থাকার ঘোষণা দিয়েছেন। এর বিপরীতে মন্ত্রিসভার সাত সদস্যসহ ক্ষমতাসীন দলটির ১১০ জন এমপি ক্যামেরনের বিপক্ষে অবস্থান নিয়ে ইইউ ছেড়ে আসার পক্ষে প্রচারে নেমেছেন।

বিশেষ করে বিচারবিষয়ক মন্ত্রী মাইকেল গোভ ও লন্ডনের মেয়র বরিস জনসনের (তিনি এমপি ও দপ্তরবিহীন মন্ত্রী) বিপরীত অবস্থান ক্যামেরনের জন্য বড় ধাক্কা হিসেবে মনে করা হচ্ছে। কনজারভেটিভ দলের পরবর্তী নেতা হিসেবে বিবেচিত জনসন ব্যক্তিগত জনপ্রিয়তায় ক্যামেরনের চেয়েও এগিয়ে।

ইইউবিরোধী পক্ষ বলছে, ইইউ ছেড়ে এলে যুক্তরাজ্য নিজস্ব আইন প্রণয়নে পূর্ণ নিয়ন্ত্রণ পাবে। অভিবাসী নিয়ন্ত্রণে স্বাধীনভাবে ব্যবস্থা নেওয়া যাবে। এ ছাড়া ইইউ ছেড়ে এলেও যুক্তরাজ্য শক্তিশালী অর্থনীতি রক্ষা করতে পারবে।

ইইউতে থাকার পক্ষের অংশ বলছে, ইইউ ছাড়লে জাতীয় নিরাপত্তা, গোয়েন্দা তথ্য আদান-প্রদান, অর্থনৈতিক কর্মকাণ্ডে মুক্ত বিচরণের মতো বিষয়গুলো বাধাগ্রস্ত হবে। তাই তুলনামূলক বিবেচনায় ইইউতে থাকা অনেক ভালো।