ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যুক্তরাজ্য অন্তর্ভুক্ত থাকবে কি না, তা সরাসরি গণভোটে নির্ধারিত হবে। দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন গতকাল বুধবার বলেছেন, তাঁর দল কনজারভেটিভ পার্টি আগামী নির্বাচনে বিজয়ী হলে ২০১৭ সালের শেষ নাগাদ ওই গণভোট হবে।দীর্ঘ প্রতীক্ষিত বক্তৃতায় প্রধানমন্ত্রী ক্যামেরন ইইউ নিয়ে তাঁর দেশের অবস্থান নতুন করে নির্ধারণের অঙ্গীকার করেন। তিনি বলেন, যুক্তরাজ্যের জনগণের নিজস্ব মতামত প্রকাশের এখন সময় হয়েছে। ইইউর ব্যাপারে তাঁদের মোহমুক্তির বিষয়টি অন্য যেকোনো সময়ের তুলনায় বর্তমানে স্পষ্ট।বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেন, তিনি দেশকে ইইউর সদস্য হিসেবেই দেখতে আগ্রহী। কিন্তু সে জন্য ইইউর মৌলিক সংস্কার প্রয়োজন। প্রতিযোগিতামূলক মনোভাব, নমনীয়তা, সদস্য দেশগুলোর ক্ষমতায়ন, গণতান্ত্রিক জবাবদিহি এবং স্বচ্ছতা—এই পাঁচ মূলনীতির ভিত্তিতে ইইউকে নতুন আঙ্গিকে গড়ে তুলতে হবে। মূলত ইউরো জোনের ঋণসংকটের কারণেই যুক্তরাজ্য এখন ইইউর সঙ্গে সম্পর্কের পুনর্মূল্যায়ন চায়। ইইউর প্রধান তিনটি সমস্যার মধ্যে রয়েছে ঋণসংকট এবং প্রতিযোগিতা ও জনসাধারণের আস্থার অভাব। সংকট উত্তরণে ইইউকে অবশ্যই একক বাজারব্যবস্থা চালু করতে হবে। প্রস্তাবিত সংস্কার বাস্তবায়নে ব্যর্থ হলে যুক্তরাজ্য ইইউ থেকে বেরিয়ে যাবে।গণভোটের ব্যাপারে ক্যামেরনের ঘোষণাকে যুক্তরাজ্যের জন্য ‘বিপজ্জনক’ উল্লেখ করেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরাঁ ফাবিয়া। তিনি বলেন, ফ্রান্স চায়, যুক্তরাজ্য ইইউর ব্যাপারে ইতিবাচক ভূমিকা রাখবে। ইউরোপকে হুমকির মুখে ঠেলে দেওয়া যাবে না।ইইউ প্রসঙ্গে ‘হ্যাঁ অথবা না’ জানানোর গণভোট অনুষ্ঠানের বিষয়টি যুক্তরাজ্যে ২০১৫ সালে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে কনজারভেটিভ পার্টির বিজয়ের ওপর নির্ভর করছে। দলটির অভ্যন্তরেই এ ব্যাপারে বিভেদ রয়েছে। ডানপন্থী রক্ষণশীল দলটির অনেকেই যুক্তরাজ্যকে ইইউর বাইরে রাখতে চান। এদিকে, গণভোটের ব্যাপারে যুক্তরাজ্যের ঘোষণায় ফ্রান্স, জার্মানিসহ ইইউর সদস্য অন্যান্য দেশের ওপর প্রভাব পড়তে পারে। এমনকি জাতিসংঘও উদ্বিগ্ন হতে পারে। কারণ, জাতিসংঘ যুক্তরাজ্যকে ইইউর অন্তর্ভুক্ত দেখতে চায়। রয়টার্স ও এএফপি।