ইইউ সংস্কারের দাবি নিয়ে জার্মানিতে ক্যামেরন
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সংস্কার কার্যক্রম জোরদারের দাবিতে আঙ্গেলা মেরকেলের ওপর চাপ সৃষ্টি করতে জার্মানি যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। গতকাল শুক্রবার তাঁর রওনা হওয়ার কথা।জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলের আমন্ত্রণে প্রধানমন্ত্রী ক্যামেরন এ সফরে যাচ্ছেন। সঙ্গে থাকছেন তাঁর স্ত্রী সামান্থা ও তিন সন্তান। ক্যামেরন বিশ্বাস করেন, ইইউর সব সিদ্ধান্ত না মানার ব্যাপারে যুক্তরাজ্য ও অন্য সদস্যগুলোকে অনুমতি দিতে এ জোটের সংস্কার প্রয়োজন।সফরে মেরকেলের সঙ্গে বৈঠক করবেন ক্যামেরন। বৈঠকে ব্রিটেনে অনুষ্ঠেয় শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৮-এর শীর্ষ সম্মেলন এবং সিরিয়া বিষয় নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।ইইউয়ে ব্রিটেনের ভবিষ্যৎ প্রশ্নে চলতি বছরের শুরুতে দেওয়া এক গুরুত্বপূর্ণ ভাষণে ক্যামেরন অঙ্গীকার করেন, আগামী সাধারণ নির্বাচনে তাঁর রক্ষণশীল দল জয়ী হলে পার্লামেন্টের শুরুর দিকের অধিবেশনেই বিষয়টিতে গণভোটের আয়োজন করা হবে। তিনি বলেন, ব্রিটেনের জনগণ ব্রাসেলসের সঙ্গে (ইইউর সদর দপ্তর) সম্পর্ক ছিন্ন করতে চায় কি না, তা নিয়ে তাদের প্রশ্ন করার আগে সংস্থাটির সঙ্গে এক নতুন বোঝাপড়ায় বসা উচিত। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ও সরকারি বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিট বলেছে, মার্গারেট থ্যাচারের মৃত্যুতে প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সঙ্গে ক্যামেরনের পরিকল্পিত বৈঠক বাতিল হওয়ার পর নতুন করে এর তারিখ নির্ধারণের চেষ্টা চলছে। বিবিসি।