ইইউ সম্মেলনে ক্যামেরনের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটেনের বাজেট প্রণয়নের ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কেন্দ্রীয় বিধিনিষেধ চাপিয়ে দেওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এ ঘটনাকে ইইউতে ক্যামেরনের প্রথম জয় হিসেবে অভিহিত করেছে প্রভাবশালী ব্রিটিশ পত্রিকা টেলিগ্রাফ। গত বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইইউ সম্মেলনে সদস্যদেশগুলোর বাজেট ঘাটতির সীমা বেঁধে দেওয়াসংক্রান্ত একটি প্রস্তাব নাকচ করেন ক্যামেরন। তবে অর্থনৈতিক সুশাসনবিষয়ক প্রস্তাবের পক্ষে ব্রিটেনের অবস্থানের কথা জানিয়েছেন তিনি।সম্মেলনে ব্রিটেনকে ইইউর ‘স্ট্যাবিলিটি অ্যান্ড গ্রোথ প্যাক্ট’ নামের চুক্তিকে আইন হিসেবে গ্রহণ করার প্রস্তাব করা হয়। ইউরোপীয় জোটের এই চুক্তিতে সদস্যদেশগুলোর বাজেট ঘাটতি একটি নির্দিষ্ট সীমার মধ্যে রাখার ব্যাপারে আইনি বাধ্যবাধকতা রয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। ইইউর একক মুদ্রা ইউরোর বিনিময়ের হার স্থিতিশীল রাখাই মূলত এই চুক্তির উদ্দেশ্য। কিন্তু ব্রিটেন ইউরো গ্রহণ করেনি। ফলে তারা এই চুক্তি মেনে চলতে বাধ্য নয়।দেশে বাজেট উত্থাপনের আগে ব্রাসেলসে ওই বাজেট পরিকল্পনার ব্যাপারে জানানো-সংক্রান্ত ইউরোপীয় কমিশনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ক্যামেরন। তিনি বলেন, ব্রিটেন সব সময়ই আগে পার্লামেন্টে বাজেট উত্থাপন করবে। তবে ইইউতে অর্থনৈতিক সংস্কার এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে ইউরোপীয় কমিশন। কমিশনের এক কর্মকর্তা বলেন, ‘প্রয়োজনীয় সংস্কারের কাজগুলো এগিয়ে নিতে আমরা এখনো দৃঢ়প্রতিজ্ঞ। এই সম্মেলনের ফল আমরা বিবেচনায় নেব। কিন্তু প্রস্তাবগুলো দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিয়ে এগিয়ে যাব আমরা।’ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সারকোজি বলেছেন, অর্থনৈতিক সুশাসনের কর্মসূচিও চলতে থাকবে। কোনো কিছুর ব্যাপারেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এটা মাত্র শুরু। সব কিছুই এগিয়ে চলছে। এ ব্যাপারে ক্যামেরন বলেন, ‘যাঁরা আরও ঐক্যবদ্ধ ইইউ দেখতে চান, তাঁদের নিরাশ হওয়ার কিছু নেই। আমরা আপনাদের সুরক্ষার পক্ষেই রয়েছি।’ সম্মেলনে ক্যামেরনকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়।ইউরোজোনে অন্তর্ভুক্ত হচ্ছে এস্তোনিয়া: ইউরোপীয় ইউনিয়নের একক অর্থনৈতিক অঞ্চল ইউরোজোনে আগামী ২০১১ সালের ১ জানুয়ারি থেকে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে, সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশ এস্তোনিয়া। ওই দিন থেকে দেশটি নিজস্ব মুদ্রার পরিবর্তে একক ইউরোপীয় মুদ্রা ইউরো গ্রহণ করবে। বৃহস্পতিবার ইইউর সম্মেলনে এ ব্যাপারে এস্তোনিয়ার আবেদনের প্রতি সবুজ সংকেত দেয় ইউরোপীয় পার্লামেন্ট। এর মাধ্যমে ইউরো ব্যবহারকারী ১৭তম দেশ হতে যাচ্ছে এস্তোনিয়া। সে দেশের প্রধানমন্ত্রী অ্যান্ড্রুস অ্যানসিপ এ খবরকে স্বাগত জানিয়েছেন। এএফপি, টেলিগ্রাফ অনলাইন।