ইইউ সম্মেলনে যোগ দিচ্ছেন না গ্রিসের নতুন প্রধানমন্ত্রী
গ্রিসের নতুন প্রধানমন্ত্রী আন্তোনিস সামারাস অসুস্থতার জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সম্মেলনে অংশ নিতে পারছেন না।২৮ ও ২৯ জুন ব্রাসেলসে ওই সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে গ্রিসের অর্থনীতি পুনর্গঠনের জন্য ব্যয় সংকোচননীতি ও ইইউর কাছ থেকে নেওয়া দেশটির ঋণচুক্তি নিয়ে অলোচনা হবে।ধারণা করা হচ্ছিল, ঋণের অর্থ ব্যবহার ও চুক্তির কঠিন শর্তগুলো কিছুটা শিথিল করার জন্য ওই সম্মেলনে ইইউ কর্তৃপক্ষের সঙ্গে গ্রিসের নতুন প্রধানমন্ত্রী দর-কষাকষির চেষ্টা চালাবেন। ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনে গ্রিসের অর্থমন্ত্রী ভাসিলিসি রাপানোসও অংশ নিচ্ছেন না। পাকস্থলীর সমস্যার কারণে তিনি গত শুক্রবার হাসপাতালে ভর্তি হয়েছেন।গ্রিসের নতুন সরকারের পক্ষ থেকে গতকাল রোববার এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী সামারাসের চোখে শনিবার বড় ধরনের অস্ত্রোপচার করা হয়েছে। সুস্থ হতে তাঁর কয়েক সপ্তাহ লাগতে পারে। এ অবস্থায় প্রধানমন্ত্রীর পক্ষে দীর্ঘ ভ্রমণ করা সম্ভব নয়।প্রধানমন্ত্রীর চক্ষুচিকিৎসক বলেন, সামারাসকে অন্ততপক্ষে এক সপ্তাহ বাসায় বিশ্রামে থাকতে হবে।প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর (এখনো শপথ নেননি) অনুপস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনে গ্রিসকে নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রিস আভ্রামোপাউলস। এএফপি।