বিমানঘাঁটি দখলে নিল রাশিয়া
ক্রিমিয়ায় ইউক্রেন নিয়ন্ত্রিত বেলবেক বিমানঘাঁটি দখলে নিয়েছে রুশ বাহিনী। এর আগে সেভাস্তোপোলের উত্তরে অবস্থিত ওই বিমানঘাঁটিতে ঢুকে ভাঙচুর চালায় রুশ সমর্থকেরা। তবে বেলবেকে অন্য একটি ঘাঁটিতে রুশ বাহিনীর দেওয়া সময়সীমার মধ্যে আত্মসমর্থনে অস্বীকৃতি জানিয়েছে ইউক্রেন বাহিনী।
পশ্চিম ক্রিমিয়ার নভোফেদোরিভকা এলাকায় ইউক্রেনের একটি নৌঘাঁটিতেও ঢুকে পড়েছে রুশপন্থী বিক্ষোভকারীরা। রুশ বাহিনীর নিয়ন্ত্রণে থাকা এ ঘাঁটিতে কয়েক শ নিরস্ত্র বিক্ষোভকারী ঢুকে পড়ে।
এদিকে রাশিয়ার প্রভাবশালী কিছু ব্যক্তির বিরুদ্ধে নতুন করে আরোপ করা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেছে মস্কো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চল রাশিয়ার সঙ্গে যুক্ত করা নিয়ে ইইউর দ্বিতীয় ধাপের এ নিষেধাজ্ঞার ‘উপযুক্ত জবাব’ দেওয়ার অধিকার তাদের রয়েছে।
ইতিমধ্যে ইইউ ২১ জন রুশ ও ইউক্রেনের রুশপন্থী কর্মকর্তার ভ্রমণে নিষেধাজ্ঞা এবং তাঁদের সম্পদ জব্দের ঘোষণা দেয়। গত শুক্রবার নতুন করে ১২ জনের নাম যুক্ত করা হয় তালিকায়। নতুন তালিকায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ ব্যক্তিরা রয়েছেন।
নতুন তালিকায় রয়েছেন রুশ উপপ্রধানমন্ত্রী দিমিত্রি রগোজিন, ডুমার স্পিকার সের্গেই নারিশকিন, ক্রেমলিনের রাজনৈতিক কৌশল নির্ধারক ভ্লাদিস্লাভ সারকভ ও পুতিনের ইউক্রেনবিষয়ক শীর্ষ উপদেষ্টা সের্গেই গ্লাজিকভ। এ চারজনের বিরুদ্ধে আগেই নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
এদিকে আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা ইউক্রেনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ইউরোপে নিরাপত্তা ও সহযোগিতা সংস্থার (ওএসসিই) অগ্রবর্তী দল ইউক্রেনের বিভিন্ন এলাকা পরিদর্শন করবে। এর মধ্যে ইউক্রেনের সংকটপূর্ণ দক্ষিণ-পূর্ব এলাকাও রয়েছে। রাশিয়া ওই অঞ্চল সফরে আপত্তি তুলে নেওয়ার পর এ সুযোগ পাচ্ছে তারা। অবশ্য ১০০ সদস্যের দলটি ক্রিমিয়ায় যেতে পারছে না। রাশিয়া যুক্তি দেখিয়ে বলেছে, ক্রিমিয়া এরই মধ্যে রাশিয়ার অংশ হয়ে গেছে। তাই সেখানে যাওয়ার কোনো অধিকার পর্যবেক্ষক দলটির নেই।
ক্রিমিয়ায় রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ বাহিনীগুলো ইউক্রেনের যুদ্ধজাহাজগুলো অবরুদ্ধ করে রেখেছে এবং সামরিক ঘাঁটির দখল নিয়েছে।
ইইউ-ইউক্রেন ঐতিহাসিক চুক্তি: ইউক্রেনকে শুক্রবার পশ্চিমা ধারায় স্বাগত জানিয়েছে ইইউ। এদিন তারা একটি ঐতিহাসিক রাজনৈতিক চুক্তিতে সই করেছে।
অ্যাসোসিয়েশন অ্যাকর্ড নামের ওই চুক্তিতে সই করার পর ইইউর প্রেসিডেন্ট হারমান ভ্যান রোমপুই ইউক্রেনের প্রধানমন্ত্রী আরসেনিয়ে ইয়াতসেনিউককে বলেন, এটা উভয়পক্ষের সম্পর্কের গুরুত্বকে তুলে ধরেছে। পরে ইয়াতসেনিউক বলেন, ‘আমরা নিশ্চিত, আমরা একসঙ্গে সফল হব।’
গত শুক্রবার ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে যুক্ত করার আইনে পুতিন সই করেন। একই দিন ইউরোপ ও উত্তর আমেরিকার ৫৭টি দেশের সংগঠন ওএসসিই ইউক্রেনে পর্যবেক্ষক পাঠানোর ব্যাপারে একটি সমঝোতায় পৌঁছায়। রয়টার্স, এএফপি ও বিবিসি।