ইইউকে নোবেল পুরস্কার হস্তান্তর
ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) আনুষ্ঠানিকভাবে নোবেল পুরস্কার তুলে দেওয়া হয়েছে। গতকাল সোমবার ইইউভুক্ত দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানদের উপস্থিতিতে তিন ইইউ নেতার হাতে পুরস্কার তুলে দেন নরওয়ের নোবেল কমিটির চেয়ারম্যান থর্বজোয়ের্ন জাগলান্ড। পুরস্কার গ্রহণ করেন ইইউ প্রেসিডেন্ট হারম্যান ফন রম্পাই, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট হোসে ম্যানুয়েল বারোসো ও ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট মার্টিন শুল্জ। বিগত ছয় দশকের মধ্যে বর্তমানে সবচেয়ে সংকটপূর্ণ অধ্যায় অতিক্রম করা ইইউ ইউরোপকে যুদ্ধবিগ্রহের মহাদেশ থেকে শান্তির মহাদেশে পরিণত করেছে।বিগত শতকে ইউরোপের আট কোটি মানুষ যুদ্ধবিগ্রহের শিকার হয়েছে উল্লেখ করে পুরস্কার প্রদান অনুষ্ঠানে নোবেল কমিটির চেয়ারম্যান থর্বজোয়ের্ন জাগলান্ড বলেন, ‘আমাদের সবাইকে একত্রে নিশ্চিত করতে হবে, দুটি বিশ্বযুদ্ধের পর আমরা যা কিছু নির্মাণ করেছি, সেগুলো হারাতে দেব না। শান্তির জন্য আমাদের প্রতিদিনই লড়াই করে যেতে হবে।’ এএফপি।