ইইউকে সংস্কার নিয়ে সচেতন হতে হবে
যুক্তরাজ্যে আজ শুক্রবার অনুষ্ঠিত গণভোটের রায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছাড়ার পক্ষে গেছে। এই রায়ের পর প্রতিক্রিয়া জানিয়েছেন ইইউর নেতারা। তাঁরা অনেকে হতাশ। নিজ দেশের প্রতিক্রিয়া নিয়ে উদ্বিগ্ন। অনেকের মতে, এতে নিজেদের সংস্কার নিয়ে সচেতন হবে ইইউ।
ইইউ নেতারা এই সপ্তাহের শেষে জরুরি সম্মেলন করবেন। জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ও ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ গণভোটের পর নিজ দেশে ইইউ–বিরোধী মনোভাব গড়ে উঠতে পারে বলে উদ্বেগ জানিয়েছেন।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জোঙ্কার বলেন, পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যেতে পারে।
নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রিচা যুক্তরাজ্যের ইইউ ছাড়ার সিদ্ধান্তে হতাশা ব্যক্ত করেছেন। তিনি বলেন, এটি ব্রাসেলসকে নিজেদের সংস্কারে উৎসাহিত করবে। ইইউ তাদের সংস্কারে উৎসাহিত হবে।
হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেন, ইইউ ছাড়ার পক্ষে ব্রিটেনের গণভোটের রায় এটা প্রমাণ করে যে ব্রাসেলসকে অবশ্যই জনগণের কণ্ঠ শুনতে হবে। গণভোটে অভিবাসন ইস্যু অন্যতম প্রভাব ফেলেছে বলে অরবান মন্তব্য করেন। অভিবাসন-সংকট নিয়ে ইইউর অবস্থানে যুক্তরাজ্যের জনগণ খুশি নয় বলেও মনে করেন অরবান। তিনি প্রশ্ন তুলে বলেন, হাঙ্গেরি কেন ইইউতে আছে? কারণ, হাঙ্গেরি চায় ইউরোপ শক্তিশালী হোক। কিন্তু ইউরোপ তখনই শক্তিশালী হতে পারবে, যখন অভিবাসন-সংকট সমাধানে জোরালো ভূমিকা রাখতে পারবে।
সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গণভোটের রায়ে যুক্তরাজ্যের ইইউ ছাড়ার ব্যাপারে জনগণের প্রতিক্রিয়া জানতে তারা একটি হটলাইন চালু করেছে। সাত দিন ধরে ২৪ ঘণ্টা এই হটলাইন খোলা থাকবে। হটলাইনে সুইজারল্যান্ডের সাধারণ নাগরিক ও ব্যবসায়ীরা মতামত দেবেন।