ইইউর আলোচনায় 'কিছুটা অগ্রগতি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যুক্তরাজ্যের অবস্থান পুনর্নির্ধারণে ব্রাসেলসের আলোচনায় ‘কিছুটা অগ্রগতি’ হয়েছে। তবে এখনো ‘কাজের বড় অংশই বাকি রয়েছে’। গত বৃহস্পতিবার রাতভর আলোচনার পর গতকাল শুক্রবার স্থানীয় সময় সকালে এ কথা বলেছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক। খবর বিবিসির।
যুক্তরাজ্য ২৮ দেশের এই জোটে এমন সব সংস্কার চায়, যা লন্ডনকে কিছু ক্ষমতা ফিরিয়ে দেবে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে ইইউ দেশগুলোর অভিবাসীদের আর্থিক ভাতাসহ সুযোগ-সুবিধা কর্তন, ইইউর আরোপিত আইন না গ্রহণের স্বাধীনতা, অর্থনৈতিক জোটের বাইরের দেশগুলোর (অ-ইউরো) মুদ্রাকেও স্বীকৃতি দেওয়া ইত্যাদি। এসব সংস্কারের প্রস্তাব হাতে নিয়ে ব্রাসেলসে গেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এসব বিষয়ে মতৈক্য হলে ক্যামেরন যুক্তরাজ্যবাসীকে গণভোটে ইইউতে থেকে যাওয়ার পক্ষ নিতে বলবেন।
কিন্তু ব্রাসেলসে চলমান বৈঠকে ইইউ নেতাদের মধ্যে মতপার্থক্য ধারণার চেয়েও বেশি বলে জানা যাচ্ছে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তরের সূত্রগুলো বলছে, প্রধানমন্ত্রী ক্যামেরন ও ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট টাস্ক রাতভর আলোচনা শেষে স্থানীয় সময় গতকাল ভোরে আলোচনাস্থল থেকে বেরিয়ে যান। সকাল নয়টার দিকে তাঁদের দ্বিতীয় দিনের আলোচনায় ফেরার কথা ছিল। এরপর ক্যামেরন একে একে ইইউর বিভিন্ন নেতার সঙ্গে মুখোমুখি বৈঠকে বসবেন। লক্ষ্য একটাই: দিনের আলো ফুরোনোর আগেই কাঙ্ক্ষিত চুক্তির বিষয়ে সমঝোতা।
জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের উদ্ধৃতি দিয়ে রয়টার্সের খবরে বলা হচ্ছে, রাতভর আলোচনাতেই স্পষ্ট হয়ে গেছে, অনেকের জন্যই এমন সমঝোতায় পৌঁছানো সহজ হবে না। তবে আশার কথা হলো, ইচ্ছাটা আছে।
বৃহস্পতিবার ইইউ কাউন্সিলের প্রথম অধিবেশন শেষ হয় অনেকগুলো বিষয়ে মতপার্থক্য রেখেই। তবে ইইউর একটি সূত্র বলেছে, আলোচনা ‘নিবিড় ও গঠনমূলক হয়েছে। আর সব দেশই নিশ্চিত করেছে, যুক্তরাজ্য ইইউতে থেকে যাক, এটাই তাদের ইচ্ছা।
ইইউ-তুরস্ক বৈঠক: ব্রাসেলস বৈঠকের আলোচ্যসূচিতে থাকা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইউরোপের অভিবাসী সংকট। রাতভর বৈঠক শেষে ইইউর কর্মকর্তারা বলেছেন, এই সংকট নিয়ে আগামী মার্চে তুরস্কের সঙ্গে বিশেষ বৈঠকে বসবেন তাঁরা। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক বলেন, ‘ইইউ-তুরস্ক কর্মপরিকল্পনাই এখন আমাদের অগ্রাধিকার।’