ইইউর পক্ষে যুক্তরাজ্যের নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

গণভোটের মাত্র দুই সপ্তাহ বাকি থাকতেই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পক্ষে ঐক্য দেখাতে এক মঞ্চে হাজির হলেন যুক্তরাজ্যের প্রধান রাজনৈতিক দলগুলোর নেতারা। গতকাল সোমবার লন্ডনের বিখ্যাত ওভাল ক্রিকেট মাঠে আয়োজিত অনুষ্ঠানে ইইউতে থাকার পক্ষে নানা যুক্তি তুলে ধরলেন কনজারভেটিভ দলের নেতা ও প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, প্রধান বিরোধী দল লেবার পার্টির সাবেক অন্তর্বর্তীকালীন নেতা হ্যারিয়েট হারম্যান, লিবারেল ডেমোক্র্যাট (লিবডেম) দলের নেতা টিম ফ্যারন এবং গ্রিন পার্টির নেতা নাটালি বেনেট। ইইউ ত্যাগের অর্থনৈতিক, অধিকারগত, নিরাপত্তা ও পরিবেশগত সম্ভাব্য ক্ষতি সম্পর্কে দেশবাসীকে সতর্ক করে দেন তাঁরা।
লেবার পার্টির নেতা জেরেমি করবিন ইইউতে থাকার পক্ষে প্রচার চালালেও তিনি প্রধানমন্ত্রী ক্যামেরনের সঙ্গে এক মঞ্চে দাঁড়াতে অস্বীকৃতি জানিয়েছেন।

ইইউতে থাকা না–থাকা নিয়ে ২৩ জুন যুক্তরাজ্যে গণভোট অনুষ্ঠিত হবে। এই জোটে যুক্তরাজ্যের থাকা না–থাকার বিষয়টি যুক্তরাজ্যে, এমনকি আন্তর্জাতিক অঙ্গনেই বর্তমান সময়ের সবচেয়ে বড় আলোচনার বিষয় হিসেবে আবির্ভূত হয়েছে। ২৮ দেশের এই জোট ছেড়ে যুক্তরাজ্য বেরিয়ে গেলে বৈশ্বিক রাজনীতি ও অর্থনৈতিক ভারসাম্যে নেতিবাচক প্রভাব পড়বে বলে অনেকেরই আশঙ্কা।

মূল ধারার দলগুলোর মধ্যে একমাত্র অভিবাসনবিরোধী কট্টর ডানপন্থী দল ইউকে ই​নডিপেনডেন্ট পার্টি (ইউকিপ) ইইউ ছেড়ে আসার পক্ষে অবস্থান নিয়েছে। তবে গণভোট বিতর্কে উত্তাপ ছড়িয়েছেন ক্ষমতাসীন দলের কয়েকজন বিদ্রোহী মন্ত্রীও। বিচারবিষয়ক মন্ত্রী মাইকেল গোভ এবং লন্ডনের সাবেক মেয়র ও দপ্তরবিহীন মন্ত্রী বরিস জনসন ইইউ ত্যাগ আন্দোলন বা ‘লিভ ক্যাম্পেইনের’ নেতৃত্ব দিচ্ছেন। অভিবাসন, অর্থনীতি ও নিরাপত্তা বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যকে তাঁরা চ্যালেঞ্জ করছেন। এ কারণে এই গণভোট বিতর্ককে ক্ষমতাসীন দলের অভ্যন্তরীণ কোন্দলের ফল হিসেবেও আখ্যায়িত করেছেন অনেকে।

প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ইইউ ছাড়ার পরিণতিকে যুক্তরাজ্যের অর্থনীতির ঝুলিতে ‘বোমা পেতে দেওয়ার’ সঙ্গে তুলনা করে বলেছেন, ‘আপনারা আপনাদের চাকরি, সন্তানের ভবিষ্যৎ এবং দেশের শক্তিকে ধংস করে দেবেন না।’ নিজ দলের বিদ্রোহী মন্ত্রীদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘পছন্দমতো ফলাফল অর্জনে তাঁরা ভ্রান্ত সব পরিসংখ্যান হাজির করছেন।’

হ্যারিয়েট হারম্যান বলেন, ‘ইইউর লালফিতার দৌরাত্ম্যের দোহাই দিয়ে ‘লিভ ক্যাম্পেইন’ নিয়ন্ত্রণ ফিরিয়ে আনার কথা বলছে। এই নিয়ন্ত্রণ পেয়ে তারা কি কর্মী ও শ্রম অধিকার, মাতৃত্বকালীন ও পিতৃত্বকালীন ছুটির মতো মানবিক আইনগুলো বাতিল করার ক্ষমতা চান?’

ইইউ ছাড়লে যুক্তরাজ্যের অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে ‘লিভ ক্যাম্পেইন’ যে দাবি করছে, সেটিকে ‘স্বাপ্নিক অর্থনীতি’ বলে তিরস্কার করেন লিবডেম নেতা টিম ফ্যারন। গ্রিন পার্টির নাটালি বেনেট বিরোধী দলের উদ্দেশে বলেন, ‘আপনারা স্পষ্ট করে বলুন যে ইইউ ছাড়ার মাধ্যমে আপনারা পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের পদক্ষেপগুলোকে নস্যাৎ করে দিতে চান।’

স্কটল্যান্ডের ক্ষমতাসীন স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি (এসএনপি) এবং ওয়েলসের অন্যতম দল প্লাইড কামরিও ইইউতে থাকার পক্ষে প্রচার চালাচ্ছে।

তবে নেতারা ইইউর পক্ষে এককাট্টা হলেও জনমত জরিপের ফলাফল এ মুহূর্তে এর বিপরীত। সোমবার প্রকাশিত দুটি ভিন্ন জনমত জরিপে দেখা যায়, ৪ থেকে ৫ শতাংশ ব্যবধানে ইইউ বিরোধীরা এগিয়ে আছে। আইসিএম এবং ইউগভ পরিচালিত এই দুটি জরিপে অবশ্য বলা হয়েছে, ১১ শতাংশ ভোটার এখনো সিদ্ধান্ত চূড়ান্ত করেনি। সিদ্ধান্তহীন এসব ভোটারই যুক্তরাজ্যের চূড়ান্ত ভাগ্য নির্ধারণ করবে।