ইইউর পক্ষের লোকজন 'হ্যাঁ' প্রচারণাই চালাতে পারবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাঁরা যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) থেকে যাওয়ার পক্ষে, গণভোটে তাঁদের ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। আর যাঁরা বিপক্ষে, তাঁদের ‘না’ ভোট দিতে বলা হবে। ইইউতে থেকে যাওয়ার পক্ষের লোকজন এমনটাই দাবি করে আসছিলেন। খবর বিবিসির।
যুক্তরাজ্য আর ইইউর সদস্য থাকবে কি না, সে প্রশ্নে ২০১৭ সালের মধ্যে গণভোট অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। গণভোট আয়োজন-সংক্রান্ত ‘ইইউ গণভোট বিল’ আজ বৃহস্পতিবারই ব্রিটিশ পার্লামেন্টে তোলা হতে পারে।
গণভোটে ভোটারদের কাছে যে প্রশ্ন রাখা হবে, তাতে ঠিক কী কথা থাকছে, তা এখনো সঠিকভাবে জানা যায়নি। এমনকি রানির ভাষণেও সেটি পরিষ্কার করা হচ্ছে না। তবে প্রশ্নের ধরনটা হতে পারে এমন: ‘যুক্তরাজ্যের কি ইইউর সদস্য হিসেবে থাকা উচিত?’
এর অর্থ, ইইউর সদস্য হিসেবে থেকে যাওয়ার পক্ষের লোকজন ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা চালাবেন। তাঁরা এমনটিই দাবি করে আসছিলেন।
বিবিসির রাজনৈতিক বিষয়ক প্রতিনিধি রস হকিন্স বলেন, ‘আমি যতটুকু জানতে পেরেছি তা হলো, (রানির ভাষণে) আমরা প্রশ্নের চূড়ান্ত ধরনটা পাচ্ছি না। এটা নিয়ে আরও আলোচনা হতে পারে। তবে আমি যেটুকু বুঝতে পারছি, তা হলো, যুক্তরাজ্যের ইইউতে থাকা উচিত কি না, এমন প্রশ্ন করা হতে পারে।’
হকিন্সের মতে, বিষয়টা গুরুত্বপূর্ণ। কারণ, এর ফলে ইইউতে থেকে যাওয়ার পক্ষের লোকজন ‘হ্যাঁ’ প্রচারণা চালাতে পারবেন। সরকার ইচ্ছা করলে প্রশ্নটা ঘুরিয়ে দিতেও পারত। সে ক্ষেত্রে ইইউর পক্ষের লোকজনকে ‘না’ প্রচারণা চালাতে হতো। এতে তাদের ওপর একটা নেতিবাচকতার ছায়া পড়তে পারত।
সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সদ্য দ্বিতীয় মেয়াদে পুনর্নির্বাচিত ডেভিড ক্যামেরন গত সোমবার ঘোষণা দেন, অঙ্গীকার অনুযায়ী ইইউ প্রশ্নে ২০১৭ সালের শেষে গণভোটের আয়োজন করা হবে। সেই গণভোট হবে মোটাদাগে সাধারণ নির্বাচনের আদলেই। স্থানীয় নির্বাচন বা ইউরোপীয় নির্বাচনগুলোর নিয়মনীতি এখানে প্রযোজ্য হবে না। এর অর্থ, যুক্তরাজ্যে বসবাসরত ইইউভুক্ত বেশির ভাগ দেশের নাগরিকই এতে ভোট দিতে পারবেন না। তবে যুক্তরাজ্যে বসবাসরত কমনওয়েলথভুক্ত দেশ এবং ইইউভুক্ত দুই দেশ মাল্টা ও সাইপ্রাসের নাগরিকেরাও ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।