ইইউর পরবর্তী প্রেসিডেন্ট নিয়ে ম্যার্কেল-ক্যামেরন বিরোধ
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন, তার উত্তর শিগগির মিলছে না৷ পরবর্তী প্রেসিডেন্ট এবং ইইউর সংস্কার প্রশ্নে প্রভাবশালী সদস্য জার্মানি ও যুক্তরাজ্যের মতো দেশগুলোর মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে৷ সুইডেনের হার্পসুন্দে গতকাল মঙ্গলবার ইইউ নেতাদের বৈঠকে সেই মতপার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে৷ খবর রয়টার্সের৷
সুইডেন, জার্মানি, যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসের মধ্য-ডানপন্থী নেতাদের ওই বৈঠকে ইইউর পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন, তা নিয়ে বিতর্ক দেখা দেয়৷ বিতর্কের একপর্যায়ে লুক্সেমবুর্গের সাবেক প্রধানমন্ত্রী জ্যঁ-ক্লদ জুংকারের প্রতি নিজের অকুণ্ঠ সমর্থনের কথা জানান জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷
বৈঠকে সভাপতিত্ব করেন সুইডেনের প্রধানমন্ত্রী ফ্রেদরিক রেইনফেল্ত৷
ম্যার্কেল বলেন, ‘আমি জ্যঁ-ক্লদ জুংকারকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাই৷’ তবে পুরোনো ধাঁচের ইউরোপীয় ফেডারেলপন্থী আখ্যা দিয়ে জুংকারের ব্যাপারে আপত্তি তোলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন৷ তিনি বলেন, এমন একজনকে এই কমিশনের প্রেসিডেন্ট নির্বাচিত করতে হবে, যিনি ইইউর সংস্কার প্রশ্নে অনেক বেশি উদার হবেন৷