ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর পরমাণু স্থাপনাগুলোতে শত শত সমস্যা দেখা দিয়েছে। আর এসব সমস্যা থেকে পরিত্রাণে আড়াই হাজার কোটি (২৫ বিলিয়ন) ইউরো খরচের প্রয়োজন হতে পারে। ফাঁস হওয়া একটি খসড়া প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।গত বছরের ১১ মার্চ প্রলয়ঙ্করী ভূমিকম্প ও সুনামিতে জাপানের ফুকুশিমা পরমাণুকেন্দ্রে বিপর্যয় দেখা দেয়। ওই ঘটনার পর খসড়া প্রতিবেদনটি তৈরি করা হয়। চূড়ান্ত পর্যায়ের কোনো জরুরি পরিস্থিতিতে ইউরোপের পরমাণু স্থাপনাগুলো কতটুকু টিকে থাকতে সক্ষম, সে বিষয়টি দেখাই ছিল এই প্রতিবেদনের মূল লক্ষ্য।চূড়ান্ত প্রতিবেদন আজ বৃহস্পতিবার প্রকাশ করা হতে পারে। খসড়া প্রতিবেদনে বলা হয়েছে, ইইউর ১৪৩টি পরমাণু স্থাপনার প্রায় সবগুলোই এখন সংস্কারের প্রয়োজন। পরমাণু স্থাপনাবিরোধী গোষ্ঠীগুলো বলেছে, প্রতিবেদনের এই হুঁশিয়ারি যথেষ্ট নয়।এদিকে, বিবিসির সংবাদদাতা ক্রিস মরিস ব্রাসেলস থেকে জানান, জনগণের আস্থা নষ্ট হতে পারে, চূড়ান্ত প্রতিবেদনে এমন কোনো ধরনের ভাষা ব্যবহার না করার জন্য ইউরোপীয় কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে ওই স্থাপনাগুলোর নিরাপত্তা তদারকিতে নিয়োজিত সংস্থা।এ আহ্বানে সাড়া দিয়ে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের আগে এর কিছু তথ্যে পরিবর্তন আনা হতে পারে। সম্ভাব্য পরিবর্তিত হওয়া ওই তথ্যে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের ১১১টি জ্বালানি চুল্লিসংবলিত ৪৭টি পরমাণু স্থাপনা এমন জায়গায় অবস্থিত, যেগুলোর ৩০ কিলোমিটারের মধ্যে এক লাখের বেশি মানুষের বসবাস।খসড়ায় বলা হয়, চাপ সহ্য করা-সংক্রান্ত পরীক্ষার ফলাফল অনুযায়ী বাস্তবিক অর্থে সবগুলো পরমাণু স্থাপনারই নিরাপত্তা-ব্যবস্থায় সংস্কার প্রয়োজন। এতে আরও বলা হয়, সংস্কার প্রয়োজন এমন ধরনের শত শত ত্রুটি ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। দুটি দেশের নাম গোপন রেখে প্রতিবেদনে বলা হয়, ওই দেশ দুটির চারটি পরমাণু চুল্লি এমন পরিস্থিতিতে রয়েছে যে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় সেগুলোর নিরাপত্তা প্রতিষ্ঠার ক্ষেত্রে এক ঘণ্টারও কম সময় পাওয়া যাবে। ইউরোপের সর্ববৃহৎ পরমাণু বিদ্যুৎ উৎপাদনকারী দেশ ফ্রান্স তার বিদ্যুতের ৮০ শতাংশ প্রয়োজন মেটাতে ৫৮টি পরমাণু চুল্লির ওপর নির্ভর করে থাকে। এই চুল্লিগুলোর সব কয়টিতেই সুনির্দিষ্ট ত্রুটি ধরা পড়েছে। চলতি মাসের শুরুতে দেশটির পূর্বাঞ্চলীয় ফেসেনহেইম বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণের ঘটনা ঘটে। এই চুল্লি ঘিরে অনেক দিন ধরে বিক্ষোভ চলছে। বিবিসি।