ইইউর বৈঠক চলাকালে ইউক্রেনে সংঘর্ষে নিহত ১৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদিকে যখন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্টের বৈঠক চলছে, অন্যদিকে তখন পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ১৭ জন। আজ বৃহস্পতিবার দেশটির রাজধানী কিয়েভে এ ঘটনা ঘটেছে। ওই জরুরি সভায় ইউক্রেনের ওপর ‘অবরোধ আরোপ’ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। খবর বিবিসির। 

প্রত্যক্ষদর্শী ও আন্তর্জাতিক সংস্থাগুলো জানিয়েছে, কিয়েভে ১৭ থেকে ২০টি লাশ দেখেছেন তাঁরা। বিবিসির প্রতিনিধি জানিয়েছেন, কিয়েভের হোটেল ইউক্রেনের অভ্যর্থনা কক্ষে পাঁচটি লাশ দেখেছেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইন্ডিপেনডেন্টস স্কয়ারে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পেট্রলবোমা ছুড়েছে। পুলিশ জলকামান ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে। বিবিসির প্রতিনিধি কেভিন বিশপ জানিয়েছেন, হোটেল ইউক্রেনের অভ্যর্থনা কক্ষে তিনি পাঁচটি লাশ দেখেছেন। প্রত্যক্ষদর্শী ও আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে, সংঘর্ষে তাঁরা ১৭ থেকে ২১ জন নিহত হয়েছেন বলে খবর পেয়েছেন। সংঘর্ষ চলাকালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানকোভিচের সঙ্গে বৈঠকে বসেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা।

সংঘর্ষ সম্পর্কে সরকারি ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, বিরোধী দল সহিংসতাকে উসকে দিয়েছে।

ইউক্রেনে নিষেধাজ্ঞা আরোপের চেয়ে সমঝোতা ও আলোচনা চালিয়ে যাওয়াকে বেশি গুরুত্ব দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।

ইউক্রেনের রাজধানী কিয়েভে সরকারবিরোধী বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে গতকালও ব্যাপক সংঘর্ষ হয়েছে। শহরটিতে গত মঙ্গলবার থেকে চলা সহিংসতায় এ পর্যন্ত ২৬ জন প্রাণ হারিয়েছেন। সেখানে তিন মাস আগে বিক্ষোভ শুরুর পর এটিই সবচেয়ে ভয়াবহ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

সংলাপের আহ্বান

ইউক্রেনের সহিংস ঘটনায় জাতিসংঘের মহাসচিব বান কি মুন উদ্বেগ প্রকাশ করে সংযমী হওয়ার আহ্বান জানিয়ে সরকার ও বিরোধী পক্ষকে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন। আলোচনায় আসার আহ্বান জানিয়েছে ইউরোপের বিভিন্ন দেশ ও যুক্তরাষ্ট্রও। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন টেলিফোনে প্রেসিডেন্ট ইয়ানুকোভিচের সঙ্গে আলাপ করে নিজের উদ্বেগ প্রকাশ করেন। একইভাবে ইইউর পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাশটনও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

ইউক্রেনে বিভক্তি

রাশিয়া নাকি পশ্চিমা দেশগুলোর সঙ্গে ভবিষ্যত্ মৈত্রী স্থাপন—মূলত এ বিষয় নিয়ে ইউক্রেনে বিভক্তি দেখা দিয়েছে। প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ এখনো রাশিয়ার প্রতি আস্থা রাখছেন। ইইউর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরের প্রস্তাব ইয়ানুকোভিচ প্রত্যাখ্যান করায় গত নভেম্বরে দেশটিতে সরকারবিরোধী আন্দোলন তুঙ্গে ওঠে। সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশ ইউক্রেন এখনো অর্থনৈতিকভাবে রাশিয়ার ওপর অনেকটা নির্ভরশীল।